কাশীপুরে SIR নোটিশ ঘিরে আতঙ্ক: আদিবাসী পরিবারগুলির পাশে দাঁড়ালেন নির্মল টুডু, দিলেন আন্দোলনের হুঁশিয়ারি
পুরুলিয়া, কাশীপুর -: সম্প্রতি পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা এলাকায় বিপুল সংখ্যক আদিবাসী পরিবারের কাছে SIR শুনানির নোটিশ পৌঁছনোর ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। প্রয়োজনীয় নথিপত্রের অভাব এবং প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় বহু পরিবার গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন।
অনেকের মনেই আশঙ্কা দানা বেঁধেছে—এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে নির্বাচন কমিশন কি তাদের নিজেদের বাসভূমি থেকে উচ্ছেদের কোনও পদক্ষেপ নেবে? এমন আশঙ্কা ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ আরও ঘনীভূত হয়েছে।
এই পরিস্থিতিতে কাশীপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু আদিবাসী মা-বোন পুরুলিয়া জেলার অন্যতম আদিবাসী নেতা, অল ইন্ডিয়া আদিবাসী বিকাশ পরিষদের জেলা সহ-সভাপতি ও কাশীপুর ব্লক সভাপতি নির্মল টুডুর কাছে পৌঁছন। তাঁরা নিজেদের বর্তমান সংকট, দুশ্চিন্তা ও আশঙ্কার কথা তুলে ধরেন এবং উপযুক্ত দিশা ও সহায়তার আবেদন জানান।
নির্মল টুডু আশ্বাস দিয়ে জানান, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় তিনি সর্বদা তাঁদের পাশে আছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনও আদিবাসী সম্প্রদায়ের সদস্যের নাম যদি অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বৃহত্তর গণআন্দোলনের পথেও হাঁটার সতর্কবার্তা দেন তিনি।
শুধু আশ্বাস নয়, বাস্তব সহায়তা ও আইনি পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতিও দেন নির্মল টুডু। তাঁর এই দৃঢ় অবস্থানে আতঙ্কিত পরিবারগুলির মনে কিছুটা সাহস ও আশার সঞ্চার হয়েছে।
বর্তমানে এলাকাবাসীর একটাই দাবি—স্বচ্ছতা ও স্পষ্ট ব্যাখ্যা। যাতে ভয় ও বিভ্রান্তি দূর হয়ে সাধারণ মানুষ নিশ্চিন্তে নিজেদের অধিকার রক্ষা করতে পারেন।
Reviewed by Social Tribal News Journalist
on
February 11, 2026
Rating:


No comments: