রানীগঞ্জ -: বৃহস্পতিবার চারটি নতুন শ্রম আইন বাতিলের দাবিতে বামপন্থী শ্রমিক সংগঠনসহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল জেকে নগর কোলিয়ারিতে। ইসিএলের সাতগ্রাম–শ্রীপুর এরিয়ার অন্তর্গত এই কোলিয়ারিতে সিআইটিইউ-সংযুক্ত সিএমএস এবং তৃণমূল ঘনিষ্ঠ আইএনটিটিইউসি-সংযুক্ত কেকেএসসি-র মধ্যে উত্তেজনার খবর সামনে আসে।
সিএমএস-এর জেকে নগর কোলিয়ারির সহ-সম্পাদক এসএস রায় অভিযোগ করেন, কেন্দ্রের নতুন শ্রম কোডের বিরোধিতায় তাঁরা ইউনিয়ন অফিসের সামনে পতাকা টাঙিয়ে অবস্থান করছিলেন। তাঁদের দাবি, কোনও শ্রমিককে জোর করে কাজ বন্ধ করতে বলা হয়নি; প্রায় ৬০–৬৫ শতাংশ শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটকে সমর্থন করে কাজে যোগ দেননি।
তিনি আরও অভিযোগ করেন, কেকেএসসি-র সদস্যরা শ্রমিকদের বাড়ি থেকে ডেকে এনে কাজে যোগ দিতে চাপ সৃষ্টি করেন। এমনকি ইউনিয়ন অফিস থেকে সরে যেতে বলা হয় এবং না মানায় অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে তাঁরা তালা ভেঙে বেরিয়ে আসেন বলে দাবি করেন। গালিগালাজ ও হুমকির অভিযোগও তোলেন তিনি।
এসএস রায়ের কথায়, “আমাদের লড়াই কেন্দ্র সরকারের শ্রম কোডের বিরুদ্ধে। এতে রাজ্য সরকারের কোনও বিষয় নেই। কিন্তু জোর করে কাজ করানো হচ্ছে, এতে ম্যানেজমেন্টও যুক্ত।” তিনি দাবি করেন, এই পরিস্থিতি থেকে স্পষ্ট যে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে।
অন্যদিকে, কেকেএসসি-র জেকে নগর কোলিয়ারির সম্পাদক গৌতম সিং সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, “এখানে কোনও ঝামেলা বা ঝড়প নেই। কোলিয়ারি পূর্ণ জনবল নিয়ে স্বাভাবিকভাবে চলছে। ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি।”
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “সিপিএম সবসময় অশান্তি তৈরি করতে চায়। কিন্তু এখানে শ্রমিকরা ধর্মঘট সমর্থন করেননি। একটিও শ্রমিক তাঁদের পাশে নেই।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বলে জানা গেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 12, 2026
Rating:

No comments: