আসানসোল -: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ও প্রার্থী তালিকা এখনও সরকারি ভাবে ঘোষণা না হলেও, রাজনীতির ময়দানে উত্তাপ বাড়তে শুরু করেছে। তারই স্পষ্ট ছবি ধরা পড়ল আসানসোলের বরাবনি বিধানসভা এলাকার সালানপুর ব্লকে।
সালানপুর ব্লকের বিভিন্ন প্রান্তে একাধিক দেওয়ালে চোখে পড়ছে বর্তমান বিধায়ক বিধান উপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন। দেওয়াল জুড়ে লেখা—
“২০২৬-এ আবার বিধান উপাধ্যায়”,
“ঘরের ছেলে, কাজের ছেলে— জোড়া ফুল চিহ্নে ভোট দিন।”
এই স্লোগানগুলির মাধ্যমে আগাম নির্বাচনী বার্তা ছড়িয়ে পড়েছে এলাকায়।
স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, বিধান উপাধ্যায় দীর্ঘদিন ধরেই বরাবনি বিধানসভা এলাকায় সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। শিল্পাঞ্চল হোক বা গ্রামীণ এলাকা— রাস্তা সংস্কার, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর একাধিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। সেই কারণেই এলাকায় তাঁর জনপ্রিয়তা যথেষ্ট বলেই মনে করছেন তাঁরা।
তবে এই দেওয়াল লিখন প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং স্পষ্ট জানিয়েছেন, দলের তরফে এমন কোনও সরকারি নির্দেশ দেওয়া হয়নি। তাঁর কথায়, “এটি সম্পূর্ণভাবে কর্মী ও সমর্থকদের ব্যক্তিগত আবেগ ও স্বতঃস্ফূর্ত উদ্যোগের ফল।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আগেই এ ধরনের তৎপরতা এলাকার রাজনৈতিক সমীকরণ ও ভবিষ্যৎ প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, আদর্শ আচরণবিধি জারি হলে এই ধরনের প্রচারে প্রশাসনের নজরদারি আরও কঠোর হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।
Reviewed by Social Tribal News Journalist
on
February 06, 2026
Rating:

No comments: