রানীগঞ্জ -: রানীগঞ্জ থানার অন্তর্গত আমড়াসতা গ্রাম পঞ্চায়েতের বাঁশড়া আদিবাসী গ্রামে বুধবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হল ভারতের স্বাধীনতা সংগ্রামী তিলকা মুরমু (মাঞ্জহি)-র ২৭৭তম জন্মবার্ষিকী। এদিন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে তিলকা মুরমুর প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং ভারতের জাতীয় সংগীত গেয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের বহু মহিলা, পুরুষ এবং ছাত্র-ছাত্রী। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে ও তাঁদের আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা।
এদিনই তিলকা মুরমুর জন্মজয়ন্তী উপলক্ষে বাঁশড়া আদিবাসী এলাকায় ‘স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা শিশু উদ্যান’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত। শিশু উদ্যানের উদ্বোধন ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এই শিশু উদ্যান গড়ে ওঠায় তারা অত্যন্ত খুশি। তাঁদের মতে, এবার এলাকার শিশুরা বাড়ির কাছেই অবসর সময় কাটাতে ও খেলাধুলা করতে পারবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় হেমব্রম, পিয়ালি গুহ, ববিতা বাউরী, কান্তি মুরমু, প্রদীপ বাসকি সহ একাধিক সম্মানীয় অতিথি ও এলাকার বাসিন্দারা।
এই দিনটি আদিবাসী সমাজের গর্বের দুই মহান স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করার পাশাপাশি এলাকার উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও চিহ্নিত হয়ে থাকল।
Reviewed by Social Tribal News Journalist
on
February 11, 2026
Rating:


No comments: