আসানসোল -: শুক্রবার রঙিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র একাদশী তিথি উপলক্ষে শ্রী শ্যাম পরিবার (বরাকর) এর উদ্যোগে আয়োজিত হল বাবা শ্যামের মহা ৩০১ নিশান শোভাযাত্রা। ভক্তি, উচ্ছ্বাস ও ধর্মীয় আবেগে ভরপুর এই অনুষ্ঠানে সমগ্র শিল্পাঞ্চল শ্যামময় হয়ে ওঠে।
অনুষ্ঠানের সূচনা হয় বরাকর স্টেশন চত্বরে অবস্থিত হনুমান মন্দিরে পণ্ডিতদের দ্বারা বাবা শ্যামের নিশানের বিধিবদ্ধ পূজা অর্চনার মাধ্যমে। এরপর সুসজ্জিত রথে বিরাজমান বাবা শ্যামের মনোরম ঝাঁকিকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রা চলাকালীন ভক্তরা মধুর ভজন, ধামাল চং এর তালে ও জয়ধ্বনির মধ্যে নাচতে গাইতে এগিয়ে চলেন। আবির গুলাল ও ফুলের হোলিতে পথজুড়ে সৃষ্টি হয় ভক্তিময় রঙিন পরিবেশ। বরাকর স্টেশন রোড ও কুলটি রোড অতিক্রম করে শোভাযাত্রা পৌঁছে যায় নিয়ামতপুরের শ্রী শ্যাম ও দাদি মন্দির প্রাঙ্গণে, সেখানে ভক্তরা বাবা শ্যামকে ৩০১টি নিশান অর্পণ করেন।
নিশান যাত্রীদের অভ্যর্থনায় নিরঞ্জন শর্মার বাসভবনে ফল, জুস, লস্যি, চা ও পানীয় জলের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। মহিলা, পুরুষ ও শিশু সহ সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
একাদশী উপলক্ষে নিয়ামতপুর, আসানসোল, রানীগঞ্জ ও দুর্গাপুর সহ শিল্পাঞ্চলের বিভিন্ন শ্যাম মন্দির রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বাবা শ্যামের ফুলেল শৃঙ্গার করে ৫৬ ভোগ নিবেদন করা হয়। একাদশীর প্রাক সন্ধ্যায় স্থানীয় ও বহিরাগত ভজন শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতের আসর বসে, যা উপস্থিত ভক্তদের আবেগাপ্লুত করে তোলে।
এই মহতী আয়োজনে শ্রী শ্যাম পরিবারের সদস্য শংকর নিয়োগী, অজয় রাজগড়িয়া, সুভাষ শর্মা, কালু চৌধুরী, কমল শর্মা লালি, পাপ্পু সরাইয়া, পাপ্পু শর্মা ও সৌরভ চৌধুরী সহ বহু ভক্ত উপস্থিত ছিলেন।
Reviewed by Social Tribal News Journalist
on
February 27, 2026
Rating:

No comments: