জামুড়িয়া -: ইসিএল-এর শ্রীপুর সাতগ্রাম এরিয়ার অন্তর্গত সাতগ্রাম ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ হঠাৎ ২৪ জন শ্রমিকের বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার বিপুল সংখ্যক শ্রমিক সাতগ্রাম ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন এবং ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও করে রাখেন। বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরাও আন্দোলনে যোগ দেন। এর জেরে খনির কাজকর্ম পুরোপুরি ব্যাহত হয়।
শ্রমিকদের অভিযোগ, কোনও পূর্ব নোটিশ বা আলোচনার সুযোগ না দিয়েই ২৪ জন শ্রমিককে অন্যত্র বদলি করা হয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা শ্রমিক নেতা তারকেশ্বর সিং জানান, কর্তৃপক্ষ একতরফাভাবে ও স্বৈরাচারী মনোভাব নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, যা শ্রমিকরা কোনওভাবেই মেনে নেবেন না। তিনি বলেন, কয়লা খনি শ্রমিক কংগ্রেস-সহ অন্যান্য সমস্ত শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছে।
প্রতিবাদস্বরূপ এক জন শ্রমিকও হাজিরা দেননি, ফলে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ থাকে। শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। তারকেশ্বর সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন না সব বদলির আদেশ প্রত্যাহার করা হচ্ছে, ততদিন আন্দোলন চলবে। প্রয়োজন হলে জেনারেল ম্যানেজার দপ্তরও ঘেরাও করা হবে।
ঘটনার পর এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। শ্রমিক সংগঠনগুলি স্পষ্ট জানিয়েছে, সহকর্মীদের সঙ্গে অন্যায় হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে পিছপা হবেন না।
Reviewed by Social Tribal News Journalist
on
February 26, 2026
Rating:

No comments: