Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পুলওয়ামা দিবস’-এ পাণ্ডবেশ্বরে বিতর্ক: শহিদ পার্কের গেট বন্ধ, ক্ষোভে ফুঁসছে রাজনৈতিক মহল


 পাণ্ডবেশ্বর, ১৪ ফেব্রুয়ারি -: পুলওয়ামা সন্ত্রাসী হামলার বর্ষপূর্তি উপলক্ষে পাণ্ডবেশ্বরের সীতলপুরের শহিদ পার্কে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, যখন দেখা যায় পার্কের প্রধান গেট বন্ধ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা-য় ভয়াবহ জঙ্গি হামলায় সিআরপিএফ-এর ৪০ জন জওয়ান শহিদ হন। সেই ঘটনার স্মৃতিতে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি দেশজুড়ে ‘পুলওয়ামা দিবস’ পালন করে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ বছরও পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীদের উদ্যোগে সীতলপুরের শহিদ পার্কে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। তবে নেতা-কর্মীরা নির্ধারিত সময়ে সেখানে পৌঁছে দেখেন, পার্কের গেট বন্ধ। এতে উপস্থিত কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শহিদরা কোনও রাজনৈতিক দলের নন, তাঁরা সমগ্র দেশের গর্ব। শ্রদ্ধাঞ্জলির দিনে শহিদ পার্কের গেট বন্ধ রাখা মানে শহিদদের অসম্মান করা।”

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিদ্বেষ থেকেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ভবিষ্যতে যাতে এমন ঘটনা পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারির দাবিও তোলেন তিনি।

অন্যদিকে, গেট বন্ধ থাকায় বিজেপি কর্মীরা পার্কের বাইরে দাঁড়িয়েই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দুই মিনিট নীরবতা পালন করে শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করেন।

এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। স্থানীয়দের একাংশের মত, শহিদদের সম্মানের বিষয়টিকে রাজনৈতিক রং না দিয়ে সর্বদলীয় ঐক্যের মাধ্যমে স্মরণ করাই শ্রেয়।

পুলওয়ামা দিবস’-এ পাণ্ডবেশ্বরে বিতর্ক: শহিদ পার্কের গেট বন্ধ, ক্ষোভে ফুঁসছে রাজনৈতিক মহল পুলওয়ামা দিবস’-এ পাণ্ডবেশ্বরে বিতর্ক: শহিদ পার্কের গেট বন্ধ, ক্ষোভে ফুঁসছে রাজনৈতিক মহল Reviewed by Social Tribal News Journalist on February 14, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.