জামুড়িয়া -: জামুড়িয়া ও রাণীগঞ্জ শিল্পাঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে। শাসক দল ও বিরোধীদের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের পাশাপাশি সাধারণ মানুষও নিজেদের দৈনন্দিন সমস্যাকে সামনে এনে প্রতিবাদে মুখর হচ্ছেন। কোথাও পানীয় জলের সংকট, কোথাও রাস্তা-বাতি বা সাফাই পরিষেবার অভাব—এসব ইস্যুতেই বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা যাচ্ছে।
রাণীগঞ্জ বিধানসভা এলাকায় গত তিন দিনে তিন জায়গায় পানীয় জল নিয়ে প্রতিবাদ হয়েছে। এবার একই ছবি দেখা গেল জামুড়িয়া বিধানসভা ক্ষেত্রেও।
জামুড়িয়ার ৩২ নম্বর ওয়ার্ডের বোগড়া এলাকার দাগাকোঠির চাঁদনি পুকুর দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই পুকুরের জল বহু মানুষ নিত্যদিন স্নান-ধোয়ার কাজে ব্যবহার করেন। কিন্তু বর্তমানে পুকুরের জল এতটাই নোংরা যে তা ব্যবহার করা কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি বাসিন্দাদের।
অভিযোগ, পুকুরের চারপাশে আবর্জনার স্তূপ জমে রয়েছে, নিয়মিত সাফাই হয় না। পাশাপাশি এলাকার একটি গলি এখনো কাঁচা, বর্ষাকালে সেখানে কাদা জমে চলাচলে সমস্যা তৈরি হয়।
স্থানীয় মহিলাদের অভিযোগ, সপ্তাহে মাত্র একদিন পানীয় জল আসে। রাস্তার আলো নেই, নিজেদের উদ্যোগেই আলো বসাতে হয়েছে। কর্পোরেশনের ময়লা গাড়ি মাঝে মাঝে এসে হুইসেল বাজিয়ে চলে যায়, কিন্তু নিয়মিত পরিষ্কার করে না। বহুবার কাউন্সিলরকে জানানো হলেও সুরাহা হয়নি। বাসিন্দাদের মতে, এই পরিস্থিতিতে পুকুরের জল ব্যবহার করা মানেই রোগব্যাধির আশঙ্কা ডেকে আনা।
এলাকার পরিস্থিতি পরিদর্শনে সোমবার সন্ধ্যায় বোগড়ায় যান বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টেব্রিবাল। তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, সরকার উন্নয়নের বদলে দুর্নীতিতে ব্যস্ত। তার অভিযোগ, পুকুরের নিয়মিত সাফাই করা হয় না, চারপাশে নোংরা পরিবেশ, রাস্তা পাকা হয়নি। তিনি আশ্বাস দেন, বিজেপি সরকার এলে গোটা এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ করা হবে। এমনকি নির্বাচনের আগেই পুকুর পরিষ্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানান।
৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভোলা হেলা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, কিছুদিন আগে বোগড়াচট্টি মোড়ে আগুনে ১১টি দোকান পুড়ে গেলে বিজেপি নেত্রী ঘটনাস্থলে গেলেও বাস্তব সাহায্য করেননি। বরং জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং ক্ষতিগ্রস্তদের জন্য নতুন দোকান তৈরি করে দিয়েছেন।
কাউন্সিলরের বক্তব্য, এলাকায় রাস্তা, আলো ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সরকার নিয়মিত উন্নয়নমূলক কাজ করছে। বাইরের নেতা এসে স্থানীয় পরিস্থিতি পুরোপুরি না জেনেই অভিযোগ তুলছেন।
চাঁদনি পুকুরের নোংরা জল, জলজমা ও নাগরিক পরিষেবা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং কবে নাগরিকরা বাস্তব সমাধান পান, সেদিকেই এখন তাকিয়ে জামুড়িয়ার বাসিন্দারা।
Reviewed by Social Tribal News Journalist
on
February 24, 2026
Rating:


No comments: