রানীগঞ্জ -: ৩৪ নম্বর ওয়ার্ডের পানীয় জলের সমস্যার পর এবার পানীয় জলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ল ৩৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুরের বাসিন্দারা। রবিবার রানীগঞ্জ থানার অন্তর্গত মঙ্গলপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এর ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাস ধরে নিয়মিত পানীয় জল সরবরাহ হচ্ছে না। ফলে নিত্যদিনের গৃহস্থালির কাজ, বিশেষ করে রান্নাবান্নায় মহিলাদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় শেষপর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হন তাঁরা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। পাশাপাশি উপস্থিত হন রানীগঞ্জ বোরো-২ এর চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে, পি এইচ ই-র জলের সরবরাহে সাময়িক সমস্যা হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে তিনি জানান।
চেয়ারম্যান আরও বলেন, কর্পোরেশনের পক্ষ থেকে মঙ্গলপুর এলাকায় যে পরিমাণ জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছিল, তা বাড়িয়ে দেওয়া হবে, যাতে এলাকাবাসী পর্যাপ্ত জল পান।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রশাসনের আশ্বাসের পর অবশেষে বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এবং স্বাভাবিক হয় যান চলাচল।
Reviewed by Social Tribal News Journalist
on
February 22, 2026
Rating:

No comments: