তীব্র জলসংকটে উত্তাল জামুড়িয়া কেন্দা মোড়ে জাতীয় সড়ক অবরোধ, ধ্বনি উঠল — পানীয় জল না হলে ভোট নয়
জামুড়িয়া -: দীর্ঘদিনের পানীয় জলের সংকট ঘিরে মঙ্গলবার কেন্দা মোড়ে বিস্ফোরিত হল জনরোষ। নিয়মিত জল সরবরাহ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী পাণ্ডবেশ্বর থেকে পাঞ্জাবি মোড়মুখী জাতীয় সড়ক ১৪ অবরোধ করে বিক্ষোভ দেখান। হঠাৎ এই অবরোধে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে এলাকায় জল সরবরাহ অনিয়মিত। গরম বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মহিলা ও শিশুদের দূরদূরান্ত থেকে জল বয়ে আনতে হচ্ছে প্রতিদিন। ফলে নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বাসিন্দাদের দাবি, একাধিকবার সংশ্লিষ্ট দফতর ও জনপ্রতিনিধিদের জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ক্ষুব্ধ মানুষ বিক্ষোভস্থলে স্পষ্ট বার্তা দেন — পানিয় জল না হলে ভোট নয়। দ্রুত নিয়মিত ও পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তাঁরা। অনেকের মতে, এই জলসংকট আসন্ন বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানা কেন্দা ফাঁড়ি পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়ার পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
তবে স্থানীয়দের একটাই দাবি, আশ্বাস নয়, চাই বাস্তব সমাধান। নিয়মিত ও পর্যাপ্ত জল সরবরাহ শুরু না হওয়া পর্যন্ত আন্দোলনের সুর যে থামবে না, তা স্পষ্ট করে দিয়েছেন এলাকাবাসী।
Reviewed by Social Tribal News Journalist
on
February 24, 2026
Rating:

No comments: