রানীগঞ্জ -: রাণীগঞ্জ-এর বল্লভপুর ফাঁড়ি এলাকায় বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে আরও তিনজন দামোদর নদীর চর পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বল্লভপুর এলাকার দামোদর নদ-সংলগ্ন সীমান্তবর্তী চরে একদল দুষ্কৃতী জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। খবর পেয়ে বল্লভপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পার্থ প্রতিম চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল গভীর রাতে এলাকায় ঘেরাও অভিযান চালায়।
পুলিশকে দেখে দুষ্কৃতীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অন্ধকারের সুযোগে তিনজন নদীর বালুচর পেরিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকেই দু’জনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে লোহার রড, লাঠি ও দড়ি উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদের নাম বল্লভপুর রঘুনাথচক এলাকার বাসিন্দা ২৫ বছরের বাদশা শেখ এবং ২০ বছরের জাহিদ শেখ। পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে আগেও চুরি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই দলটি সড়কে লুটপাট বা ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। কিন্তু সময়মতো খবর পাওয়ায় এবং পুলিশের তৎপরতায় বড় ধরনের অপরাধ এড়ানো সম্ভব হয়েছে।
শনিবার ধৃত দুই অভিযুক্তকে রাণীগঞ্জ থানার পুলিশ আসানসোল জেলা আদালতে পেশ করে। ঘটনার সঙ্গে জড়িত বাকি পলাতকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
অন্ধকারে পালাল তিন, পুলিশের জালে দুই — বল্লভপুরে ডাকাত চক্রের হদিশ
Reviewed by Social Tribal News Journalist
on
February 21, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
February 21, 2026
Rating:

No comments: