রানীগঞ্জ -: ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মঙ্গলবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিমচা এলাকায় এক বিশাল মিছিল ও ‘পরিবর্তন যাত্রা’ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ ও শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই এই মিছিলের আয়োজন করা হয় বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।
মিছিলটি শুরু হয় নিমচা রেলওয়ে ব্রিজ সংলগ্ন হনুমান মন্দির থেকে। এরপর নিমচা কোলিয়ারি এলাকার বিভিন্ন অংশ পরিক্রমা করে পুনরায় হনুমান মন্দিরের কাছেই এসে শেষ হয় মিছিল। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল চলাকালীন তৃণমূল কংগ্রেস সরকার ও তাদের নেতাদের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে।
বিজেপি সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি নিমচা এলাকায় বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্যোগে ‘পাড়ায় পাড়ায় দিদি ভাই’ নামক জনসংযোগ কর্মসূচি চলাকালীন তৃণমূল সমর্থকরা বাধা সৃষ্টি করে। অভিযোগ, ওই সময় “গো ব্যাক”, “বিজেপি হায় হায়”, “নরেন্দ্র মোদি হায় হায়” ইত্যাদি স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ পর্যন্ত কর্মসূচি অসম্পূর্ণ রেখেই বিধায়ককে এলাকা ছাড়তে হয়। সেই ঘটনার জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিংহকে দায়ী করেন অগ্নিমিত্রা পাল।
ওই ঘটনার প্রতিবাদ ও জবাবে, গোটা নিমচা এলাকাজুড়ে বিজেপির পক্ষ থেকে ‘পরিবর্তন যাত্রা’ বের করা হয়। মিছিল ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মিছিল চলাকালীন পুলিশ বাহিনীকে নিয়মিত টহল দিতে দেখা যায়।
মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভা এলাকায় বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা চলছে। আজ নিমচা থেকে আমরা বার্তা দিয়েছি—বাংলার মানুষ পরিবর্তন চায়। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, সন্ত্রাস ও গুন্ডারাজ থেকে মুক্তি চায় মানুষ।”
তিনি আরও বলেন, “সাত দিন আগে আমরা যখন এখানে জনসংযোগ করছিলাম, তখন তৃণমূলের ১০–১৫ জন ক্যাডার বাধা দেয় এবং মোদি জির নাম করে কুরুচিকর স্লোগান দেয়। সেদিন আমরা সংযম দেখিয়েছিলাম। কিন্তু আজ পরিবর্তন যাত্রার মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—হুমকি বা গালাগালি দিয়ে বিজেপিকে আটকানো যাবে না।”
বিধায়ক অভিযোগ করেন, “গতকাল রাত থেকেই তৃণমূলের গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হুমকি দিয়েছে, যাতে কেউ মিছিলে যোগ না দেয়। এর ফলে আজ এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে সাহস পাননি।”
তৃণমূল কংগ্রেসের পোস্টার ‘যতো করো হামলা, জয় করবে বাংলা’ প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “আসলে হামলা চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি, শুধু ভয় দেখিয়ে ভোট নেওয়া হয়েছে।”
অবৈধ কয়লা ও বালু ব্যবসা নিয়েও তীব্র আক্রমণ শানিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “তৃণমূল নেতারা অবৈধ কয়লা ও বালুর কারবার চালাচ্ছে। বিজেপির সরকার এলে একে একে সবার হিসাব নেওয়া হবে এবং এই অবৈধ ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।”
তিনি আরও দাবি করেন, “রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই এই অবৈধ ব্যবসা বন্ধ করছে না, কারণ এর টাকা নেতা ও পুলিশের কাছে পৌঁছায়।”
প্রবর্তন নির্দেশালয়(ইডি)-এর অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের এলাকার অবৈধ কয়লা ও বালু ব্যবসায়ী চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ-কে ইডি গ্রেফতার করেছে। এতে প্রমাণ হয় তৃণমূল শাসনে কীভাবে অবৈধ কারবার বেড়ে উঠেছে।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এবার নির্বাচন কমিশন কড়া নজর রাখছে। কোথাও কোনো অনিয়ম হবে না। মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দেবে এবং বাংলায় পরিবর্তন নিশ্চিত হবে।”
Reviewed by Social Tribal News Journalist
on
February 10, 2026
Rating:

No comments: