জামুড়িয়া -: জামুড়িয়া বিধানসভা এলাকার অন্তর্গত জামুড়িয়া পঞ্চায়েত সমিতির অধীনে তপসি গ্রাম পঞ্চায়েতের কুনুস্তোড়িয়া কোলিয়ারির গুয়ালা পাড়ায় পাথশ্রী প্রকল্পের আওতায় নতুন রাস্তা নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও কাঁচা রাস্তার সমস্যায় ভোগা স্থানীয় বাসিন্দারা এবার পাকা রাস্তার সুবিধা পেতে চলেছেন।
এই রাস্তা কুনুস্তোড়িয়া কোলিয়ারির গুয়ালা পাড়া থেকে ছটঘাট পুকুর পর্যন্ত নির্মিত হবে। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ৯ লক্ষ টাকা।
তপসি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনাপানি বাউরি নারকেল ফাটিয়ে ও ভূমিপূজার মাধ্যমে রাস্তা নির্মাণের শুভ সূচনা করেন। এদিন উপস্থিত ছিলেন তপসি অঞ্চলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য জগন্নাথ শেঠ, জামুড়িয়া ব্লক–২ তৃণমূল কংগ্রেস শ্রমিক সভাপতি রাজু মুখার্জি, শিশির মণ্ডল, ইদ মহম্মদ, পরভেজ খানসহ বহু স্থানীয় বাসিন্দা।
পঞ্চায়েত সমিতির সদস্য জগন্নাথ শেঠ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়–এর নেতৃত্বে রাজ্য সরকার ধারাবাহিকভাবে গ্রামীণ উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘পাথশ্রী’ প্রকল্প, যার মাধ্যমে গ্রামীণ এলাকার কাঁচা রাস্তা পাকা করা হচ্ছে। তিনি জানান, প্রকল্প চালুর পর বিভিন্ন গ্রামে ব্যাপক হারে রাস্তা ঢালাইয়ের কাজ হয়েছে, ফলে সাধারণ মানুষের যাতায়াতে অনেক সুবিধা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গুয়ালা পাড়া থেকে ছটঘাট পুকুর পর্যন্ত রাস্তা বর্ষাকালে কাদায় ভরে যেত। শিশু, বৃদ্ধ ও মহিলাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে ছটপুজোর সময় ভক্তদের পুকুরে পৌঁছতে সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন পাকা রাস্তা নির্মিত হলে দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের সময়ও সুবিধা মিলবে।
এ প্রসঙ্গে প্রধান বিনাপানি বাউরি জানান, পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে ধাপে ধাপে সমাধান করা হচ্ছে। তিনি আশ্বাস দেন, নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই রাস্তার কাজ সম্পন্ন করা হবে।
রাস্তা নির্মাণের সূচনায় স্থানীয় বাসিন্দারা খুশি প্রকাশ করে রাজ্য সরকার ও পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের মতে, এই রাস্তা তৈরি হলে এলাকার মানুষসহ যাতায়াতকারীদের ব্যাপক উপকার হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 17, 2026
Rating:

No comments: