Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে হোলি প্রস্তুতি, তৎপর রানীগঞ্জ প্রশাসন


 রানীগঞ্জ,নিজস্ব সংবাদদাতা -: রঙের উৎসব হোলিকে কেন্দ্র করে যাতে শহরে শান্তি-শৃঙ্খলা অটুট থাকে এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই শনিবার রানীগঞ্জ থানায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ শান্তি কমিটির বৈঠক। উৎসবের আগে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত নাগরিকরাও।

রানীগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল–২ বিমান কুমার মির্ধা, থানার ওসি অমিত কুমার মহাপাত্র, বল্লভপুর ফাঁড়ির ওসি, ট্রাফিক বিভাগের আধিকারিক এবং দমকল বিভাগের প্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সমাজসেবী, ব্যবসায়ী প্রতিনিধি ও রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সদস্যরাও আলোচনায় অংশ নেন।

বৈঠকে হোলির দিন শহরের আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন এলাকার প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ অঞ্চলের সমস্যা ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলির কথা প্রশাসনের নজরে আনেন, যাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায়।

এসিপি বিমান কুমার মির্ধা বৈঠকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “উৎসবের নামে কোনও রকম হুল্লোড়, জোরজবরদস্তি বা অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।” তিনি সতর্ক করে জানান, কারও ইচ্ছার বিরুদ্ধে জোর করে রঙ লাগানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রাস্তায় নিয়মবহির্ভূতভাবে ডিজে বাজানো হলে তা সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হবে বলেও জানান তিনি।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হোলির দিন সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি ও টহলের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

বৈঠকের শেষে প্রশাসনের তরফে শহরবাসীর কাছে আবেদন জানানো হয়, যাতে সকলে মিলেমিশে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে উৎসব পালন করেন। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং কোনওরকম শিথিলতা দেখানো হবে না—এই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরেছে পুলিশ প্রশাসন।

শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে হোলি প্রস্তুতি, তৎপর রানীগঞ্জ প্রশাসন শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে হোলি প্রস্তুতি, তৎপর রানীগঞ্জ প্রশাসন Reviewed by Social Tribal News Journalist on February 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.