জামুড়িয়া: রাজ্যে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। কিন্তু তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। বারাবনি বিধানসভা এলাকায় কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সমর্থকদের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন করা হয়েছিল। এবার জামুড়িয়া বিধানসভা এলাকাতেও শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা।
জামুড়িয়ার খাস কেন্দা এলাকায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন কয়লা খনি শ্রমিক কংগ্রেস কেকেএসসি-র উদ্যোগে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেয়াল দখলের কাজ শুরু হয়েছে। এলাকার বিভিন্ন দেয়াল চিহ্নিত করে তৃণমূলের সমর্থনে দেওয়াল লিখন করা হচ্ছে। নির্বাচনের ঘোষণা আগেই এই কার্যক্রমকে দলের প্রাথমিক প্রচার হিসেবে দেখা হচ্ছে।
জামুড়িয়া বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন সিপিএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। গত বিধানসভা নির্বাচনে ৪৪ বছর পর সিপিএম এখানে পরাজিত হয় এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস এই আসনে জয় লাভ করে। শ্রমিক নেতা হরিরাম সিং তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন।
আসন্ন নির্বাচনে নিজেদের অবস্থান আরও মজবুত করতে তৃণমূল সংগঠনগতভাবে প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রায় দু মাস বাকি থাকলেও সব দলই মাঠে নেমে পড়েছে। তবে শাসক দলই প্রচার শুরু করেছে সবার আগে।
দেয়াল দখল অভিযানে উপস্থিত কেকেএসসি-র লোয়ার কেন্দা শাখার সভাপতি অজিঙ্ক্য সিং এবং তৃণমূল নেতা প্রদীপ বাউরি জানান, দল এবার আগের নির্বাচনের তুলনায় আরও বেশি ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে। তাঁদের দাবি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট দেবেন।
তাঁরা বলেন, রাজ্যে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের জন্য মানুষ সন্তুষ্ট এবং তাঁকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার পক্ষেই জনমত রয়েছে। তাঁদের মতে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই।
নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আগেই জামুড়িয়ায় দেয়াল লিখন ও দখল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। এখন দেখার, অন্যান্য রাজনৈতিক দল কীভাবে নিজেদের কৌশল সাজায় এবং এই গুরুত্বপূর্ণ আসনে লড়াই কোন দিকে মোড় নেয়।
Reviewed by Social Tribal News Journalist
on
February 12, 2026
Rating:

No comments: