রানীগঞ্জ -: প্রতিবছরের ন্যায় এ বছরও রানীগঞ্জ-এ অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পীর বাবা মেলা। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি পুজো-অর্চনা ও শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলেও মূল মেলা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে।
মেলা কমিটির উদ্যোগতারা জানান, প্রত্যেক বছরের মতো এবারও মেলায় থাকবে নানান রকমের দোকানপাট ও আকর্ষণীয় সামগ্রী। শুধু রানীগঞ্জ নয়, আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চল ছাড়াও বিভিন্ন জেলা ও রাজ্য থেকে বহু মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন। দর্শনার্থীরা পীর বাবার দর্শন করে ধর্মীয় আচার পালন করার পাশাপাশি মেলার আনন্দও উপভোগ করেন।
মেলাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শনিবার রানীগঞ্জ প্রশাসন ও মেলা কমিটিকে নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি বিমান কুমার মির্ধা, রানীগঞ্জ আইসি অমিত সিনহা মহাপাত্র, রানীগঞ্জের বোরো ২-এর চেয়ারম্যান মুজাম্মিল শাহজাদা, কাউন্সিলর নেহা সাহু, কাউন্সিলর আখতারি খাতুন সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রশাসনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়। মেলা প্রাঙ্গণে ফায়ার ব্রিগেড, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা শিবির বসানো হবে, যাতে সাধারণ মানুষ কোনও অসুবিধায় পড়লে তাৎক্ষণিক সাহায্য পান।
নিরাপত্তার স্বার্থে গোটা মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থাও করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
সব মিলিয়ে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের আবহে এবারের পীর বাবা মেলাকে ঘিরে রানীগঞ্জ জুড়ে ইতিমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 14, 2026
Rating:

No comments: