জামুড়িয়ার কুনুস্তোড়িয়া মোড়ে ট্রাকের ধাক্কায় অল্পের জন্য বড় দুর্ঘটনা, ব্যারিকেড ও স্পিড ব্রেকারের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ
জামুড়িয়া -: বৃহস্পতিবার একবার ফের জামুড়িয়ার কেন্দা পুলিশ ফাঁড়ির অন্তর্গত তপসী এলাকার জাতীয় সড়ক–৬০ এর কুনুস্তোড়িয়া মোড়ে ট্রাকের ধাক্কায় বড়সড় দুর্ঘটনা ঘটতে গিয়েও অল্পের জন্য রক্ষা পায়। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘণ্টার পর ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। অথচ এখনও পর্যন্ত এখানে যথাযথ ব্যারিকেড বসানো হয়নি, নেই কোনও স্পিড ব্রেকারও। প্রশাসনের এই চরম গাফিলতির কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাঁদের।
জানা গেছে, এদিন আকাশীষ মণ্ডল নামে এক যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ডাম্পারের ডালার সঙ্গে ধাক্কা লাগে। সৌভাগ্যবশত তিনি প্রাণে বেঁচে গেলেও তাঁর মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় এবং হাতে আঘাত পান। এই ঘটনার পরই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ উথলে ওঠে এবং তাঁরা রাস্তা অবরোধ করে ব্যারিকেড ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সোচ্চার হন।
ঘটনার খবর পেয়ে জামুড়িয়া ব্লক টু আইএনটিটিইউসি-র সভাপতি রাজু মুখার্জি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, প্রশাসন ও ট্রাফিক বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, খুব শীঘ্রই ওই এলাকায় ব্যারিকেড বসানো হবে এবং স্পিড ব্রেকার তৈরি করা হবে।
এছাড়াও টিএমসি-র অঞ্চল সভাধিপতি জগন্নাথ শেঠ ঘটনাস্থলে এসে স্থানীয়দের শান্ত করেন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে শুক্রবার বিকেল ৪টার মধ্যে ব্যারিকেড ও স্পিড ব্রেকার নির্মাণের কাজ সম্পূর্ণ করা হবে।
প্রশাসনের এই প্রতিশ্রুতি পাওয়ার পরই স্থানীয়রা পথ অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
February 05, 2026
Rating:


No comments: