আসানসোল -: পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের পাঁচগাছিয়া এলাকার নুনি মোড়ে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ধীরেন ঘোষ নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণহীন ও দ্রুতগতির একটি ট্রাক্টর আচমকাই তাঁকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে দুর্ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা নুনি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন।
স্থানীয়দের অভিযোগ, এই নুনি মোড় এলাকায় প্রতিদিনই ট্রাক্টরের বেপরোয়া দৌরাত্ম্য চলে। অতিরিক্ত গতি, অসচেতন চালনা এবং ট্রাফিক নিয়মের প্রতি সম্পূর্ণ উদাসীনতা— সব মিলিয়ে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের। ফলে প্রশ্ন উঠছে, কেন একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে এবং কেন আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হল না।
দুর্ঘটনার পর অভিযুক্ত ট্রাক্টরের মালিকের কোনও খোঁজ না মেলায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, আইনের চোখ কি সবার জন্য সমান, নাকি প্রভাবশালীদের জন্য আলাদা নিয়ম প্রযোজ্য?
এদিকে জনা যায়, মৃতের পরিবারকে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু একটি পরিবারের উপার্জনক্ষম সদস্যের মৃত্যু, সন্তানের ভবিষ্যৎ ও সংসারের ভরসা— সবকিছুর মূল্য কি এই সামান্য অঙ্কে মাপা যায়? স্থানীয়দের মতে, এটি প্রকৃত সহায়তা নয়, বরং দায় এড়ানোর একটি প্রয়াস।
ধীরেন ঘোষ আর ফিরবেন না। তাঁর অনুপস্থিতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কোনও অর্থমূল্যে পূরণ হওয়ার নয়। এলাকাবাসীর একটাই দাবি— দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, পরিবারের জন্য উপযুক্ত ও সম্মানজনক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে তার জন্য স্থায়ী ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নুনি মোড় আজ শুধুমাত্র একটি দুর্ঘটনাস্থল নয়, এটি প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে জনরোষের প্রতীক হয়ে উঠেছে। এখন দেখার, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কত দ্রুত ও কতটা গুরুত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ করে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 24, 2026
Rating:


No comments: