বারাবনি -: রেলের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও এখনও অনেক মানুষ রেলগেটের নিয়ম মানছেন না। এর ফলেই প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার তেমনই এক ঘটনার সাক্ষী থাকল বারাবনি এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারাবনি বাজার সংলগ্ন একটি রেলগেট বন্ধ থাকাকালীন একটি ট্রেন দ্রুত গতিতে পার হচ্ছিল। ঠিক সেই সময় তিন যুবক একটি বাইকে করে অবৈধভাবে বন্ধ রেলগেট পার হওয়ার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই তাঁদের বাইকটি ট্রেনের নিচে ঢুকে পড়ে। তবে সৌভাগ্যবশত, তিনজনই কোনোরকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
যদিও প্রাণহানি না ঘটলেও বাইকটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের নিচ থেকে বাইকটি উদ্ধার করে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করে।
এই ঘটনার পর ফের একবার রেলগেট সংক্রান্ত নিয়ম মানার বিষয়ে সাধারণ মানুষের সচেতনতার অভাব নিয়ে প্রশ্ন উঠছে। রেলের তরফ থেকে ফের আবেদন জানানো হয়েছে—নিজের ও অন্যের প্রাণের কথা ভেবে কখনওই বন্ধ রেলগেট পার হওয়ার চেষ্টা করবেন না।
Reviewed by Social Tribal News Journalist
on
February 04, 2026
Rating:


No comments: