রানীগঞ্জ -: রুটি-বাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপুই সাওড়া এলাকায় রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের একাংশের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন।
স্থানীয় তৃণমূলের প্রবীণ নেতা ও বাসিন্দাদের অভিযোগ, প্রায় ১,১০০ মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে অত্যন্ত খারাপ মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। রাস্তার উপর দেওয়া সিমেন্টের প্রলেপ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ফলে চারদিকে ধুলো উড়ছে এবং সেই ধুলো বাড়িঘরের আশপাশে জমে পরিবেশ দূষণের সৃষ্টি করছে। বাসিন্দাদের দাবি, এই ধুলোর কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
উল্লেখ্য, জেলা পরিষদের তহবিল থেকে প্রায় ৭৬ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার নির্মাণকাজ চলছে। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, আগে যে সিমেন্টের রাস্তা তৈরি হয়েছিল, তার গুণগত মান অনেক ভালো ছিল এবং এখনও সেই রাস্তার আবরণ অক্ষত রয়েছে। কিন্তু এবারের রাস্তার সিমেন্ট প্রলেপ দ্রুত ক্ষয়ে যাচ্ছে, যা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
ঘটনার খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এবং নিমচা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। সেখানে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। তৃণমূলের একাংশের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই এই রাস্তা তৈরি হয়েছে। তবে পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সদস্যরা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, নির্ধারিত মান বজায় রেখেই কাজ হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি দাবি করেছেন, সঠিক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে এবং মানসম্মত সিমেন্ট ও নির্মাণ সামগ্রী ব্যবহার করেই রাস্তা তৈরি হয়েছে। তাঁর মতে, কিছু ব্যক্তি নিজেদের প্রচারের উদ্দেশ্যে অযথা এই বিক্ষোভ সংগঠিত করছেন।
এখন দেখার বিষয়, রাস্তা নির্মাণে ব্যবহৃত সামগ্রীর গুণমান খতিয়ে দেখতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং ধুলো দূষণ রোধে কী ব্যবস্থা নেওয়া হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
February 20, 2026
Rating:

No comments: