রানীগঞ্জ -: রানীগঞ্জ বিধানসভা এলাকার অন্তর্গত রানীগঞ্জ মণ্ডল–১ বিজেপি কার্যালয়ে রবিবার ‘বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি’ শীর্ষক এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভা ও মণ্ডল–১-এর বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ-সভাপতি তুষার কান্তি বন্দ্যোপাধ্যায় জানান, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির কাছে কী আশা-আকাঙ্ক্ষা রাখছেন, তা সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে জানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “মানুষের মতামত ও প্রত্যাশার ভিত্তিতেই বিজেপির আগামী দিনের কর্মসূচি ও পদক্ষেপ নির্ধারিত হবে।”
তিনি আরও জানান, আগামী সোমবার থেকেই এই অভিযান শুরু হবে এবং রাজ্যের প্রতিটি বিধানসভা ও প্রতিটি মণ্ডলে এই কর্মসূচি চালু করা হবে। সাধারণ মানুষের মতামত সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় বিশেষ পত্র বাক্স রাখা হবে, যেখানে মানুষ লিখিতভাবে তাঁদের দাবি, চিন্তাভাবনা ও প্রত্যাশা জানাতে পারবেন।
এছাড়াও, যারা ব্যস্ততার কারণে লিখে মতামত দেওয়ার সময় পান না, তাঁদের জন্য আধুনিক ব্যবস্থাও রাখা হয়েছে। সেই সমস্ত স্থানে স্ক্যানারযুক্ত বাক্স থাকবে, যেখানে কিউআর কোড স্ক্যান করে সাধারণ মানুষ তাঁদের নিজস্ব মতামত ও পরামর্শ ডিজিটাল মাধ্যমে জানাতে পারবেন।
তুষার কান্তি বন্দ্যোপাধ্যায় জানান, আগামী দিনে যদি রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করে, তবে এই সংগৃহীত মতামতের ভিত্তিতেই জনকল্যাণমূলক কাজ করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রানীগঞ্জ মণ্ডল–১-এর বিধানসভা কনভেনার দিনেশ সোনি, মণ্ডল সভাপতি শামসের সিং, রবি কেশরি, মনোজ ওঝা সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা।
Reviewed by Social Tribal News Journalist
on
February 08, 2026
Rating:

No comments: