খনির নিচে আগুন-গ্যাসের আতঙ্ক! বন্ধের মুখে খান্দরা কোলিয়ারির নাগ কাজোড়া ইউনিট, অনিশ্চয়তায় তিন শতাধিক শ্রমিক
অন্ডাল: ফের খনির নিচে আগুন ও গ্যাসের আতঙ্ক। ইসিএলের বাঁকোলা এরিয়ার খান্দরা কোলিয়ারির নাগ কাজোড়া ইউনিট বন্ধের মুখে। শনিবার রাত থেকেই খনির ভূগর্ভস্থ কয়েকটি এলাকায় গ্যাস ও আগুনের উপস্থিতি টের পাওয়ার পর তড়িঘড়ি করে কর্মরত শ্রমিকদের নিরাপদে উপরে তুলে আনা হয়। শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত খনি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এই ঘটনায় চরম উৎকণ্ঠায় পড়েছেন প্রায় তিন শতাধিক শ্রমিক।
সূত্রের খবর, শনিবার রাতে খনির নিচে কয়েকটি জায়গায় গ্যাস ও আগুনের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরিস্থিতি বুঝে দ্রুত পদক্ষেপ করে খনির ভিতরে থাকা শ্রমিকদের অক্ষত অবস্থায় উপরে নিয়ে আসা হয়। এরপরই উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর রবিবার কোলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠন বৈঠকে বসে। কীভাবে কোলিয়ারি টিকে এই পরিস্থিতি থেকে রক্ষা করা যায় এবং শ্রমিকদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আলোচনা হয়।
কোলিয়ারির এজেন্ট এম সিং বলেন, “শ্রমিকদের সুরক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার। তাই আপাতত খনি বন্ধ রাখা হচ্ছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনে কোলিয়ারি টিকে ফের চালু করার চেষ্টা চলছে।”
অন্যদিকে, এই পরিস্থিতির জন্য সরাসরি ম্যানেজমেন্টকে দায়ী করেছেন সিটু নেতা আহমেদ খাঁন। তাঁর অভিযোগ, “এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে ম্যানেজমেন্ট দায়ী। আমরা জানতে চাই, কেন বন্ধ করা হচ্ছে? কবে স্বাভাবিক হবে? আর এই শ্রমিকদের ভবিষ্যৎ কী?”
পাশাপাশি, কোলিয়ারির শ্রমিকদের অন্যত্র বদলি করা হলে সমস্ত শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ফলে একদিকে খনির নিচে আগুন-গ্যাসের আতঙ্ক, অন্যদিকে কোলিয়ারি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা—দুই দিক থেকেই উদ্বেগ বাড়ছে শ্রমিক মহলে।
Reviewed by Social Tribal News Journalist
on
August 30, 2026
Rating:

No comments: