অন্ডাল, পশ্চিম বর্ধমান-: একসময় খনি অঞ্চলে চুরি-লুট ছিল নিত্যদিনের আতঙ্ক। প্রশাসনের তৎপরতায় দীর্ঘদিন সেই দাপট অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তবে প্রায় ৩৪ বছর পর ফের অন্ডালের খনি এলাকায় দুষ্কৃতীদের দুঃসাহসিক তাণ্ডবের অভিযোগ উঠল। এবার চুপিসারে চুরি নয়, অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে মারধর ও লুটপাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে অন্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে। অভিযোগ, রাতের ডিউটিতে থাকা হাজরি বাবু, বাতিবাবু-সহ তিন নিরাপত্তারক্ষীকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে একদল দুষ্কৃতী। এরপর তাঁদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। কোলিয়ারির টেলিফোনেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গিয়েছে।
খনি শ্রমিক রাজীব মাহাতোর অভিযোগ, আচমকাই অস্ত্র হাতে কয়েকজন দুষ্কৃতী কোলিয়ারিতে ঢুকে তরোয়ালের ভয় দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে টাকা ও মোবাইল কেড়ে নেয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোলিয়ারির তামার কেবল চুরি করতেই দুষ্কৃতীরা সেখানে ঢুকেছিল। বাধা পেয়ে নিরাপত্তারক্ষীদের ঘরে আটকে রেখে মারধর ও লুটপাট চালানোর পর তারা পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে কোলিয়ারির নিরাপত্তা ব্যবস্থা। কোলিয়ারির অভ্যন্তরে অস্ত্র হাতে দুষ্কৃতীরা ঢুকে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে লুটপাট চালাল, অথচ নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর নজর এড়িয়ে কীভাবে এমন ঘটনা ঘটল—তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।
বিএমএস নেতা তথা খনি শ্রমিক ভগবান দাস বলেন, রাতের ডিউটিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তাই যদি নিশ্চিত না হয়, তাহলে তাঁরা কীসের ভরসায় কাজে আসবেন? ঘটনায় শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা আরও বেড়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই কাজোড়া এলাকায় পরপর ইসিএল আবাসনে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। সেই ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের কোলিয়ারির ভিতরে দুষ্কৃতীদের এমন দুঃসাহসিক হামলার অভিযোগে উদ্বেগ বেড়েছে খনি শ্রমিকদের মধ্যে।
ঘটনার খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ কোলিয়ারিতে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে ঘটনার পর খনি শ্রমিকদের একটাই প্রশ্ন—কোলিয়ারির ভিতরেই যদি অস্ত্র হাতে দুষ্কৃতীদের এমন দাপট দেখা যায়, তাহলে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে?
Reviewed by Social Tribal News Journalist
on
August 16, 2026
Rating:

No comments: