Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ট্রাফিক আইন মানার আহ্বানে প্রশাসন, শুরু সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচি


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: সড়ক দুর্ঘটনা কমানো এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে সোমবার আসানসোলে শুরু হল ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। এবারের মূল প্রতিপাদ্য— ‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন’।

সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনায় এদিন বিএনআর মোড় থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা পদযাত্রা বের হয়। আসানসোলের বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী হাতে সড়ক নিরাপত্তা বিষয়ক প্ল্যাকার্ড ও সচেতনতামূলক স্লোগান নিয়ে পদযাত্রায় অংশ নেয়। পড়ুয়াদের সঙ্গে পা মিলিয়ে হাঁটেন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ড. প্রণব কুমার এবং পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক। পদযাত্রার মাধ্যমে হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে গাড়ি চালানোর বার্তা তুলে ধরা হয়।

পদযাত্রা শেষে জিটি রোডের বিএনআর এলাকায় আয়োজিত হয় এক সচেতনতামূলক অনুষ্ঠান। সেখানে সড়ক নিরাপত্তা নিয়ে পরিবেশিত পথনাটক উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। নাটকের মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় ড্রাইভিং, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করার মতো অসচেতনতার ভয়াবহ পরিণতি তুলে ধরা হয়। পাশাপাশি ট্রাফিক সিগন্যাল মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং পথচারীদের ফুটপাত ব্যবহারের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নাবালম, পুলিশ কমিশনার ড. প্রণব কুমার, বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

জেলাশাসক এস. পন্নাবালম বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধুমাত্র পুলিশ বা প্রশাসনের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সামান্য অসাবধানতাও একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

পুলিশ কমিশনার ড. প্রণব কুমার জানান, মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও স্বেচ্ছায় নিয়ম মেনে চলার মানসিকতাই দুর্ঘটনা রোধে সবচেয়ে কার্যকর।

বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, দুর্ঘটনামুক্ত আসানসোল গড়ে তুলতে ছোটবেলা থেকেই শিশুদের ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে স্কুলভিত্তিক সচেতনতা শিবির, সেমিনার, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা, হেলমেট বিতরণ এবং জনসচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হবে। এদিনের অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই সড়ক নিরাপত্তা মেনে চলার শপথ গ্রহণ করেন।

ট্রাফিক আইন মানার আহ্বানে প্রশাসন, শুরু সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচি ট্রাফিক আইন মানার আহ্বানে প্রশাসন, শুরু সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচি Reviewed by Social Tribal News Journalist on August 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.