জামুড়িয়া -: রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া নিয়ে উপভোক্তাদের ক্ষোভ ও আন্দোলনের খবরের মধ্যেই জামুড়িয়ায় দেখা গেল ভিন্ন ছবি। আসানসোল পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের শান্তিনগরের ৪৭ নম্বর বুথ এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে খুশিতে মেতে উঠলেন উপভোক্তা মহিলারা। আনন্দ ভাগ করে নিতে একে অপরকে মিষ্টিমুখও করান তাঁরা।
স্থানীয় সমাজসেবী বিশ্বজিৎ মিশ্র জানান, ৪৭ নম্বর বুথ এলাকায় প্রায় ৯৫ শতাংশ যোগ্য মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসতে শুরু করেছে। তাঁর দাবি, অধিকাংশ উপভোক্তাই আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্য। ফলে প্রতি মাসে তিন হাজার টাকার এই সহায়তা তাঁদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
উপভোক্তারা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা এই আর্থিক সহায়তার অপেক্ষায় ছিলেন। অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করায় সংসারের দৈনন্দিন খরচ, সন্তানদের প্রয়োজনীয়তা এবং অন্যান্য জরুরি ব্যয় মেটাতে তাঁদের সুবিধা হবে।
বিশ্বজিৎ মিশ্র বলেন, জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখোপাধ্যায় এলাকার যোগ্য কোনও মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। বর্তমানে বহু যোগ্য মহিলা টাকা পেতে শুরু করায় সেই আশ্বাস বাস্তবায়নের পথে অগ্রগতি দেখা যাচ্ছে। এখনও যাঁরা টাকা পাননি, তাঁদের সমস্যার কারণ খুঁজে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ায় খুশি মহিলারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখোপাধ্যায় এবং সমাজসেবী বিশ্বজিৎ মিশ্রকে ধন্যবাদ জানান। তাঁদের কথায়, এই আর্থিক সহায়তা সংসারের দৈনন্দিন প্রয়োজন মেটাতে যথেষ্ট সহায়ক হবে।
রাজ্যের বিভিন্ন এলাকায় যখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে সমস্যার অভিযোগ সামনে আসছে, তখন শান্তিনগরে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর ঘটনায় খুশির পরিবেশ তৈরি হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
August 24, 2026
Rating:

No comments: