কুলটি, নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালেই ১৯ নম্বর জাতীয় সড়কের চৌড়াঙ্গী মোড়ে ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা একটি লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল গুয়াহাটি থেকে আসা কলাবোঝাই একটি লরি। সংঘর্ষের অভিঘাতে দু’টি লরিই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার শব্দ এতটাই বিকট ছিল যে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। কলাবোঝাই লরিটির সামনের কেবিন কার্যত দুমড়ে-মুচড়ে যায়। কেবিনের ভিতরে আটকে পড়েন খালাসি। দুর্ঘটনায় গুরুতর আহত হন লরির চালকও। অন্যদিকে ধাক্কার জেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে নিচের দিকে নেমে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চৌড়াঙ্গী ফাঁড়ির পুলিশ এবং জাতীয় সড়কের পেট্রোলিং টিম। স্থানীয়দের সহযোগিতায় কেবিনে আটকে থাকা খালাসিকে উদ্ধার করা হয়। আহত চালক ও খালাসি—দু’জনকেই পুলিশের অ্যাম্বুলেন্সে করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত দুটি লরি রাস্তা থেকে সরানো হয়। এরপর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
August 30, 2026
Rating:


No comments: