কুলটি -: দিনের বেলায় বাড়িতে চুরি। খোয়া গিয়েছিল এক লক্ষ টাকারও বেশি মূল্যের সোনা-রুপোর গয়না। ঘটনার পর তদন্তে নেমে মাত্র ছয় দিনের মধ্যে সেই চুরির রহস্যের কিনারা করল বারাকর পুলিশ। ঘটনায় ১৭ বছরের এক কিশোর-সহ দু’জনের যোগের কথা সামনে এসেছে। চুরি যাওয়া গয়না কেনার অভিযোগে রিন্টু মাঝি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বারাকরের ৬৮ নম্বর ওয়ার্ডের করিমডাঙ্গা এলাকার বাসিন্দা পঙ্কজ শ্রীবাস্তবের বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বারাকর পুলিশ ফাঁড়ি। তদন্তে চুরি যাওয়া গয়না নিরসায় বিক্রি হওয়ার সূত্র পায় পুলিশ। সেই সূত্র ধরে বৈগুনিয়া দুর্গা মন্দির সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে রিন্টু মাঝিকে গ্রেপ্তার করা হয়।
পরে আসানসোল আদালত থেকে তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এএসআই অসীম চক্রবর্তীর নেতৃত্বে ফের রিন্টুর দোকানে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ২৫০ গ্রাম রুপোর সামগ্রী এবং ৬-৭ গ্রাম সোনার গয়না। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গয়নাগুলির বাজারমূল্য এক লক্ষ টাকারও বেশি এবং এগুলি পঙ্কজ শ্রীবাস্তবের বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রীরই অংশ।
তদন্তে ১৭ বছরের এক কিশোরের নামও উঠে এসেছে। পুলিশ তাকে এই চুরির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। ইতিমধ্যেই তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বুধবার বারাকর পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠকে তদন্তের বিস্তারিত জানান কুলটির এসিপি মহম্মদ জাভেদ হোসেন। উপস্থিত ছিলেন কুলটি থানার আইসি অশোক সিং মহাপাত্র, বারাকর ফাঁড়ির আইসি অঞ্জন রজক এবং মামলার তদন্তকারী এএসআই অসীম চক্রবর্তী। ধৃত রিন্টু মাঝিকে বৃহস্পতিবার ফের আদালতে তোলা হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
August 26, 2026
Rating:


No comments: