পাণ্ডবেশ্বর -: শুক্রবার সাতসকালে হরিপুরের দত্তপুকুর থেকে এক যুবকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত যুবকের নাম সনু ভূঁইয়া (২৫)। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের তরফে জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত পরশু খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বের হন সনু। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি। তবে সনু নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
শুক্রবার সকালে দত্তপুকুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা জলের মধ্যে কিছু ভাসতে দেখতে পান। সন্দেহ হওয়ায় তাঁরা দ্রুত পাণ্ডবেশ্বর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে সনুর দেহ উদ্ধার করে।
পরিবারের এক সদস্যের দাবি, মৃগী রোগে আক্রান্ত হওয়ায় সনুকে সবসময় নজরে রাখা হতো। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনওভাবে পুকুরের ধারে পৌঁছনোর পর তাঁর মৃগীরোগের সমস্যা দেখা দিতে পারে এবং সেই সময় জলে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি এখনও প্রাথমিক অনুমান; মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই সনু ভূঁইয়ার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পাশাপাশি পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
August 21, 2026
Rating:


No comments: