পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান -: তিন চাকার গাড়ির ভারসাম্য তুলনামূলকভাবে কম। ফলে সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার টোটো ও অটো চালকদের সতর্ক করল পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড।
রাজ্য পরিবহণ দপ্তরের উদ্যোগে চলা পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শুক্রবার পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ে টোটো ও অটো চালকদের নিয়ে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই ট্রাফিক আধিকারিকরা চালকদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।
ট্রাফিকের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, স্কুলপড়ুয়াদের পুলকার হিসেবে টোটো বা অটো ব্যবহার করা যাবে না। পাশাপাশি জাতীয় সড়কে টোটো না চালানো এবং বেপরোয়া বা ঝুঁকিপূর্ণভাবে গাড়ি না চালানোর জন্যও চালকদের সতর্ক করা হয়। যাত্রী পরিবহণের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ ও নিরাপদভাবে গাড়ি চালানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ডালুরবাঁধ কোলিয়ারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঠিক উত্তরদাতাদের হাতে কলম তুলে দেওয়ার পাশাপাশি পড়ুয়া ও শিক্ষকদের মিষ্টিমুখ করানো হয়।
অন্যদিকে, শুক্রবার ফুলবাগান মোড়ের কর্মসূচিতে সরাসরি টোটো ও অটো চালকদের সঙ্গে কথা বলে নিরাপদ যাতায়াতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশাসনের বক্তব্য, শুধু আইন প্রয়োগ নয়, চালকদের মধ্যে সচেতনতা গড়ে তোলাও দুর্ঘটনা কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপায়।
আগামী দিনগুলিতেও পথ নিরাপত্তা নিয়ে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালক ও যাত্রী—উভয় পক্ষের মধ্যেই সচেতনতা বাড়ানো জরুরি।
Reviewed by Social Tribal News Journalist
on
August 07, 2026
Rating:


No comments: