আসানসোল -: ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের খড়মবাঁধ নিউ কোয়ার্টার এলাকা। অখণ্ড হরিনাম সংকীর্তন চলাকালীন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা সমাজসেবী সঞ্জয় নোনিয়া ও তাঁর সমর্থকদের উপর পাথর ছোড়া এবং মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে গণেশ রাম ও বিনোদ মণ্ডলের মাথা ফেটে যায় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার নিউ কোয়ার্টার প্যান্ডেল এলাকায় ২৪ ঘণ্টার অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সঞ্জয় নোনিয়া। তিনি সমর্থকদের সঙ্গে সেখানে পৌঁছন। অভিযোগ, সেই সময় বিজেপি-সমর্থক বিকি ওরফে বিরজু যাদবের নেতৃত্বে কয়েকজন যুবক সেখানে এসে স্লোগান দিতে শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার পর আচমকাই পাথর ছোড়া শুরু হয়। প্রতিবাদ করলে মারধরও করা হয় বলে দাবি। পাথর ও মারধরের ঘটনায় গণেশ রাম এবং বিনোদ মণ্ডল আহত হন। তাঁদের মাথা ফেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষকে আলাদা করে দেয় এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
সঞ্জয় নোনিয়ার দাবি, তিনি আমন্ত্রণ পেয়েই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কয়েকজন তাঁর বিরোধিতা করে পাথর ছোড়া ও মারধর শুরু করেন। আইনের উপর তাঁর আস্থা রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, অভিযুক্ত বিকি যাদবের বক্তব্য জানা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় এর আগেও একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের জেরে পরিবেশ অশান্ত করার চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
August 23, 2026
Rating:

No comments: