যীশু হেমব্রম, রাণীগঞ্জ -: রাণীগঞ্জ বিধানসভার সাধারণ মানুষের কাছে জনপরিষেবা আরও সহজলভ্য করে তুলতে রবিবার রাণীগঞ্জ থানার অন্তর্গত পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায় উদ্বোধন হল নতুন ‘বিধায়ক সেবা কেন্দ্র’। উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে ফিতে কেটে পরিষেবা কেন্দ্রের শুভ সূচনা করেন রাণীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দার, বারাবনীর বিধায়ক অরিজিৎ রায়, পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ এবং পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
উদ্বোধনের আগে বৈদিক রীতিনীতি মেনে বিধায়ক সেবা কেন্দ্রের পূজা-অর্চনা করেন বিধায়ক পার্থ ঘোষ। এরপর অতিথিদের সঙ্গে নিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনের পর উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।
এই বিধায়ক সেবা কেন্দ্র থেকে রাণীগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দারা বিভিন্ন জনস্বার্থমূলক কাজ, সমস্যা সংক্রান্ত আবেদন এবং বিধায়কের দপ্তরের প্রয়োজনীয় সহায়তা সহজেই এক জায়গা থেকে পাবেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
বিধায়ক পার্থ ঘোষ বলেন, “এটি কোনও দলীয় কার্যালয় নয়, এটি একটি বিধায়ক সেবা কেন্দ্র। এখান থেকেই রাণীগঞ্জ বিধানসভার সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে। মানুষের সেবা করাই আমাদের অঙ্গীকার।” তিনি আরও জানান, রাণীগঞ্জের পর খুব শীঘ্রই অন্ডাল এলাকাতেও আরও একটি বিধায়ক সেবা কেন্দ্র চালু করা হবে, যাতে ওই এলাকার মানুষও সহজে এই পরিষেবার সুবিধা পান।
অনুষ্ঠানে উপস্থিত পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “এই কেন্দ্রকে কোনও দলীয় কার্যালয় হিসেবে নয়, সম্পূর্ণ জনসেবামূলক বিধায়ক সেবা কেন্দ্র হিসেবেই পরিচালনা করা হবে। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল সাধারণ মানুষ এখান থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। মানুষের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।” উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি সিং, শামশের সিং, মনু ভার্মা, দীনেশ শনি-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
রাণীগঞ্জে ‘বিধায়ক সেবা কেন্দ্র’ চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের প্রশাসনিক ও জনপরিষেবা সংক্রান্ত বিভিন্ন কাজ আরও দ্রুত ও সহজ হবে বলে আশাবাদী উপস্থিত বিশিষ্টজন ও স্থানীয় বাসিন্দারা।
Reviewed by Social Tribal News Journalist
on
August 02, 2026
Rating:

No comments: