অণ্ডাল: শনিবার সন্ধ্যায় অণ্ডালের অণ্ডাল মোড় সংলগ্ন গুরুদ্বারার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকা। বিপুল সংখ্যক এলপিজি সিলিন্ডার বোঝাই একটি এইচপি গ্যাসের ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগতির ফর্চুনার। সংঘর্ষের জেরে ফর্চুনারের সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়।
জানা গিয়েছে, দুর্গাপুরের দিক থেকে আসছিল ফর্চুনারটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গ্যাসের ট্রাকটির পিছনে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ট্রাকটিতে বিপুল সংখ্যক এলপিজি সিলিন্ডার থাকায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। সংঘর্ষের সময় সিলিন্ডারে গ্যাস লিক বা আগুন ধরে গেলে বড়সড় বিস্ফোরণের আশঙ্কা ছিল। সৌভাগ্যবশত তেমন কোনও ঘটনা ঘটেনি।
ফর্চুনার চালকের দাবি, হাইওয়ের উপর গ্যাসের ট্রাকটি আচমকা ব্রেক কষায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে অণ্ডাল থানার ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়া হয়। এর পরেই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
August 29, 2026
Rating:

No comments: