দুর্গাপুর -: শহরে মাদকের বড় চালান ঢোকার আগেই পাচারের ছক বানচাল করল আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা-সহ তিনজনকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। মঙ্গলবার ওসি অঞ্জন মণ্ডলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে বাসে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে দুর্গাপুরে এসেছিল ধৃত তিনজন। দুর্গাপুর ব্যারাজের কাছে বাস থেকে নামার পর তাদের গতিবিধি পুলিশের নজরে আসে। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৫৩ কেজি গাঁজা। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
পুলিশের তৎপরতায় শহরে মাদকের বড় চালান পৌঁছনোর আগেই তা আটক হওয়ায় স্বস্তি মিলেছে। তবে এই তিনজনই কি পাচারচক্রের মূল কারবারি, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও চক্র—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, দুর্গাপুরে কার কাছে এবং কোথায় এই বিপুল পরিমাণ গাঁজা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। পাশাপাশি, ওড়িশা থেকে এই মাদকের চালান কার নির্দেশে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
কোকওভেন থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার তিন অভিযুক্তকে মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় পাচারচক্রের আরও কোনও তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।
Reviewed by Social Tribal News Journalist
on
August 11, 2026
Rating:

No comments: