দুর্গাপুর, কাঁকসা -: সাতসকালে ঘুম থেকে উঠে ঘরের ভিতর বিশাল অজগর দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ল কাঁকসার গড় জঙ্গল লাগোয়া আলিনগর এলাকায়। শুক্রবার সকালে বাড়ির সদস্যরা ঘরের মধ্যেই কুণ্ডলী পাকিয়ে থাকা প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বা অজগরটিকে দেখতে পান। মুহূর্তের মধ্যেই আতঙ্কে বাড়ির সকলে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের।
অজগরের উপস্থিতির খবর পৌঁছয় দুর্গাপুর রেঞ্জের মলানদিঘী বিটের বনদপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে কোনও রকম আঘাত না করে অজগরটিকে উদ্ধার করা হয়। বনদপ্তর সূত্রে জানা যায়, সাপটির দৈর্ঘ্য প্রায় ৬ থেকে ৭ ফুট।
উদ্ধারের পর অজগরটিকে সুস্থ অবস্থায় পার্শ্ববর্তী গড় জঙ্গলে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়। বনকর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। অজগর উদ্ধারের পর স্বস্তি ফিরে আসে আতঙ্কিত পরিবারে।
জঙ্গল সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ায় উদ্বেগও বাড়ছে। বনদপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে, বাড়ির আশপাশে কোনও সাপ বা বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে তাকে মারার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং দ্রুত বনদপ্তরকে খবর দিতে হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
August 21, 2026
Rating:

No comments: