রানীগঞ্জ -: রাস্তা জুড়ে বড় বড় গর্ত। বর্ষার জলে কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার পিচের বদলে কাদা। তার উপর দিয়ে প্রতিদিন ছুটছে ভারী যানবাহন। অভিযোগ, ওভারলোড কয়লা বোঝাই ডাম্পার ও বালির ট্রাকের দাপটে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এমনই বেহাল রাস্তার প্রতিবাদে বৃহস্পতিবার কয়েক ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন রানীগঞ্জ থানার অন্তর্গত জেমারি গ্রাম পঞ্চায়েতের নিমচা এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিশায়ের মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশের বাইপাস রাজ্য সড়কের দীর্ঘদিন ধরেই বেহাল দশা। বর্ষার জল জমে রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তে জল ও কাদা জমে যাওয়ায় রাস্তা দিয়ে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যেই ভারী যানবাহনের অব্যাহত যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে বলে দাবি এলাকাবাসীর।
বাসিন্দাদের অভিযোগ, “প্রতিদিন প্রাণ হাতে নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। স্কুল পড়ুয়াদের নিয়ে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। হাট-বাজারে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তার এমন অবস্থা যে জরুরি প্রয়োজনে অ্যাম্বুল্যান্স ঢুকতেও সময় লাগছে। বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।”
এলাকাবাসীর আরও দাবি, রাস্তার বেহাল অবস্থার অন্যতম কারণ ভারী যানবাহনের নিয়মিত চলাচল। বিশেষ করে ওভারলোড কয়লা বোঝাই ডাম্পার ও বালির ট্রাক চলাচলের জেরে রাস্তার ক্ষতি আরও বাড়ছে বলে অভিযোগ তাঁদের। ফলে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এই আশঙ্কাতেই এদিন পথ অবরোধে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার অন্তর্গত নিমচা ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণ ধরে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মেরামতের বিষয়ে আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বাসিন্দারা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, কয়েক দিনের মধ্যেই আপাতত রাস্তা চলাচলের উপযোগী করার ব্যবস্থা করা হবে। বর্ষা শেষ হলে রাস্তার স্থায়ী সংস্কারের কাজ করা হবে। প্রশাসনের এই আশ্বাসে আপাতত অবরোধ উঠে গেলেও এলাকার মানুষের প্রশ্ন, কবে বাস্তবে রাস্তার সংস্কার শুরু হবে? কারণ, প্রতিদিনের যাতায়াতের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা। তাই আশ্বাস নয়, দ্রুত বাস্তব পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে নিমচা এলাকার বাসিন্দারা।
Reviewed by Social Tribal News Journalist
on
August 13, 2026
Rating:


No comments: