Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ধসের আতঙ্কে হরিপুর সরকারি বিদ্যালয়, ঝুঁকিতে ৫২৮ পড়ুয়ার জীবন—পুনর্বাসনের প্রতিশ্রুতি কোথায়?


 পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান -: প্রবল বর্ষণের পর ফের ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর সরকারি বিদ্যালয়ে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মিড-ডে মিলের রান্নাঘরের পাশেই বড়সড় গর্ত তৈরি হয়। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও, যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও অভিভাবকেরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই স্কুলে প্রায় ৫২৮ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। অধিকাংশ পড়ুয়াই আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের। ফলে বিদ্যালয় চত্বরে বারবার ধস নামার ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, এই ঘটনা নতুন নয়। ২০২৩ সালেও বিদ্যালয় চত্বরে ধস নেমেছিল। সেই সময় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের কেন্দা এরিয়া কর্তৃপক্ষের তরফে বিদ্যালয়টি অন্যত্র পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছিল বলে স্থানীয়দের দাবি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। খনি অধ্যুষিত এলাকায় মাটির নীচে পুরনো খনি গ্যালারি বা ফাঁকা অংশ থাকার কারণে বৃষ্টির জল মাটির গভীরে প্রবেশ করলে মাটির স্থায়িত্ব দুর্বল হয়ে ভূমি ধস বা ভূ-অবনমনের পরিস্থিতি তৈরি হতে পারে। হরিপুর বিদ্যালয়ের ক্ষেত্রেও এমন কোনও ভূগর্ভস্থ কারণ রয়েছে কি না, তা বিশেষজ্ঞ পর্যায়ে পরীক্ষা করে দেখার দাবি উঠেছে।

স্থানীয়দের প্রশ্ন, বিদ্যালয় চত্বরের মাটির স্থায়িত্ব নিয়ে কোনও প্রযুক্তিগত সমীক্ষা করা হয়েছে কি না। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিদ্যালয়টি চিহ্নিত করা হয়েছে কি না এবং আগের ধসের পর কোনও কারিগরি পরিদর্শন বা ভূ-প্রযুক্তিগত সমীক্ষা হয়েছিল কি না, সেই বিষয়েও স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তাঁদের দাবি, পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অবিলম্বে বিদ্যালয়টি নিরাপদ স্থানে স্থানান্তর করে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হোক।

বারবার ধসের ঘটনার পরও যদি বিদ্যালয়টি একই জায়গায় থেকে যায়, তাহলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। কোনও প্রাণহানি ঘটার আগেই প্রশাসন ও ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডকে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছেন হরিপুরের বাসিন্দারা।

ধসের আতঙ্কে হরিপুর সরকারি বিদ্যালয়, ঝুঁকিতে ৫২৮ পড়ুয়ার জীবন—পুনর্বাসনের প্রতিশ্রুতি কোথায়? ধসের আতঙ্কে হরিপুর সরকারি বিদ্যালয়, ঝুঁকিতে ৫২৮ পড়ুয়ার জীবন—পুনর্বাসনের প্রতিশ্রুতি কোথায়? Reviewed by Social Tribal News Journalist on August 18, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.