Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসানসোলে বিজেপির সাংগঠনিক কর্মশালা, বুথ শক্তিশালীকরণে জোর গোঠওয়ালের



আসানসোল -: নির্বাচনী সাফল্যের পর এবার সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে তৎপর বিজেপি। আসানসোলের রবীন্দ্র ভবনে দলের ‘লাভার্থী যোগাযোগ অভিযান’-কে কেন্দ্র করে আয়োজিত সাংগঠনিক কর্মশালায় বুথস্তর থেকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বাড়ানোর বার্তা দেওয়া হয়। কর্মশালায় দলের নেতা-কর্মীদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা।

রাজস্থানের খান্দার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা আসানসোল জেলার বিধানসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র গোঠওয়াল কর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনে সাফল্যের পর সংগঠনের কাজ আরও জোরদার করতে হবে। তাঁর কথায়, বিজেপির শক্তি কোনও একক নেতা নন, দলের প্রত্যন্ত বুথে কাজ করা প্রতিটি কর্মীই সংগঠনের আসল শক্তি।

বিধানসভা নির্বাচনে আসানসোল জেলার সাতটি আসনেই বিজেপির জয়ের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে দলের পদাধিকারী ও কর্মীদের ধন্যবাদ জানান গোঠওয়াল। তিনি জানান, নির্বাচনের আগে কর্মীদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাতটি আসনে জয়ের পর আসানসোলে এসে তাঁদের সঙ্গে দেখা করে সেই প্রতিশ্রুতিই পূরণ করতে এসেছেন।

কর্মশালায় তিনি আরও বলেন, নির্বাচনী জয়কে ধরে রাখতে হলে সংগঠনকে শুধু ভোটের সময় সক্রিয় রাখলে চলবে না। সারা বছরই মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার কথা শুনতে হবে। বুথ, শক্তিকেন্দ্র ও মণ্ডলস্তরে কর্মীদের আরও সক্রিয় করে সংগঠনের ভিত মজবুত করার উপর জোর দেন তিনি।

একইসঙ্গে ‘লাভার্থী যোগাযোগ অভিযান’কে সামনে রেখে বাড়ি বাড়ি জনসংযোগের বার্তাও দেওয়া হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়। সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য দেওয়া এবং তাঁদের সমস্যাগুলি সংগঠন ও প্রশাসনের সামনে তুলে ধরার কথাও বলা হয়।

গোঠওয়ালের বক্তব্য, বিজেপিতে কোনও কর্মী ছোট বা বড় নন। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে যাঁরা দীর্ঘদিন মাঠে কাজ করেন, তাঁদের সাংগঠনিক দায়িত্ব দিয়ে নেতৃত্বের সামনে নিয়ে আসাই দলের অন্যতম বৈশিষ্ট্য।

কর্মশালায় উপস্থিত ছিলেন পিএইচই ও পিডব্লিউডি মন্ত্রী অজয় কুমার পোদ্দার, আসানসোল জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, জামুড়িয়ার বিধায়ক ড. বিজন মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, জেলা প্রভারি বিবেক রাঙা, জেলা সাধারণ সম্পাদক তথা কর্মশালার সঞ্চালক অপূর্ব হাজরা, কাকলি ঘোষ-সহ দলের জেলা পদাধিকারী, শক্তিকেন্দ্র প্রধান এবং বিপুল সংখ্যক কর্মী।

কর্মশালার শেষে বুথস্তরে সংগঠনকে আরও সক্রিয় করা, উপভোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার সংকল্প নেন দলের নেতা-কর্মীরা।
 

আসানসোলে বিজেপির সাংগঠনিক কর্মশালা, বুথ শক্তিশালীকরণে জোর গোঠওয়ালের আসানসোলে বিজেপির সাংগঠনিক কর্মশালা, বুথ শক্তিশালীকরণে জোর গোঠওয়ালের Reviewed by Social Tribal News Journalist on August 08, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.