বিরকুলটিতে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন ঘিরে বিতর্ক, বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান; পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ বিরকুলটি গ্রামে একটি নতুন বিজেপি দলীয় কার্যালয়ের উদ্বোধনের কর্মসূচি ছিল। অভিযোগ, ওই স্থান থেকে প্রায় ২০০ মিটার দূরেই জামুড়িয়া মণ্ডল-১-এর একটি শক্তিকেন্দ্রের দলীয় কার্যালয় রয়েছে। সেই কারণেই নতুন কার্যালয় উদ্বোধন নিয়ে আপত্তি ওঠে এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ে।
বিজেপি কর্মী আদিত্য নাথ মুখোপাধ্যায়ের অভিযোগ, বিধায়ক বিজন মুখার্জী বিরকুলটি গ্রামে পৌঁছতেই জামুড়িয়া মণ্ডল-১-এর সভাপতি পিনাকী রায়ের নেতৃত্বে শক্তিকেন্দ্র প্রমুখ দেবকুমার মুখোপাধ্যায় (বাপ্পা) ও তাঁর অনুগামীরা 'গো ব্যাক' স্লোগান দিতে শুরু করেন। তাঁর দাবি, বিশৃঙ্খলার মধ্যেই রাতের অন্ধকারে তাঁকে মারধর করা হয়। যদিও এই ঘটনার জেরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, জামুড়িয়া মণ্ডল-১-এর শক্তিকেন্দ্র প্রমুখ দেবকুমার মুখোপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, "যদি সত্যিই এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে অভিযোগকারীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করুন। তদন্তে সত্য সামনে আসবে।"
ঘটনার বিষয়ে বিধায়ক বিজন মুখার্জীর প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Reviewed by Social Tribal News Journalist
on
August 03, 2026
Rating:


No comments: