পাণ্ডেশ্বর -: রেলগেট বন্ধের সিদ্ধান্ত ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল পাণ্ডেশ্বরের ডালুরবাঁধ এলাকা। লেভেল ক্রসিং বন্ধ না করার দাবিতে সরব হলেন স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারেরা। রেল প্রশাসনের আধিকারিকেরা গেট বন্ধ করতে ঘটনাস্থলে পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় আরপিএফ ও পাণ্ডেশ্বর থানার পুলিশ।
ব্যবসায়ীদের অভিযোগ, ডালুরবাঁধ রেলগেট বন্ধ হয়ে গেলে দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্যে বড়সড় ধাক্কা লাগবে। শুধু কয়েকজন দোকানদার নন, এর প্রভাব পড়বে এলাকার বহু ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপর। ফলে রেলগেট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাণ্ডেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি রেল আধিকারিকদের সঙ্গে কথা বলে আপাতত রেলগেট বন্ধের প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানান। বিধায়ক জানান, দুর্গাপুজোর পর রেল কর্তৃপক্ষ, ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠক করে বিষয়টির স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। সাধারণ মানুষের সঙ্গে আলোচনা না করে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
বিধায়কের আশ্বাসের পর আপাতত রেলগেট বন্ধের প্রক্রিয়া থেকে পিছিয়ে আসে রেল প্রশাসন। ফলে স্বস্তি ফেরে ডালুরবাঁধের ব্যবসায়ী মহলে। তবে রেলগেটের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন বৈঠকের দিকেই তাকিয়ে।
Reviewed by Social Tribal News Journalist
on
August 25, 2026
Rating:


No comments: