Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে নাবালিকা নির্যাতন কাণ্ডে উত্তাল এলাকা, কঠোর শাস্তির দাবিতে সরব ভীম


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: রানীগঞ্জের গ্রামীণ এলাকায় ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর পুলিশ তৎপরতা দেখিয়ে ১৯ বছর বয়সী অভিযুক্ত বিকাশ সিংকে গ্রেফতার করলেও, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে ক্ষোভ ও সামাজিক দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ধৃত যুবকের বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি তফশিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়ে বুধবার সরব হয়েছে সামাজিক সংগঠন 'ভীম আর্মি'।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানীগঞ্জ শহরের বাসিন্দা ওই নাবালিকা রানীগঞ্জের পাঞ্জাবি মোড় সংলগ্ন গ্রামীণ এলাকায় তার দিদিমার বাড়িতে থাকত। গত মঙ্গলবার দুপুরে সে বাড়িতে একাই ছিল। অভিযোগ, সেই সুযোগে পাড়ারই বাসিন্দা বিকাশ সিং নামে এক যুবক ঘরে ঢুকে জোরপূর্বক নির্যাতন চালায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাড়া করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়েই রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ রানীগঞ্জ থানার আইসি-র নেতৃত্বে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার আসানসোল জেলা আদালতের পকসো কোর্টে তোলা হলে বিচারক ধৃতকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই নির্যাতিতা ও অভিযুক্ত— দুজনেরই ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এদিকে এই ঘটনার পর বুধবার ভীম আর্মির পশ্চিম বর্ধমান শাখার পক্ষ থেকে রানীগঞ্জ থানার পুলিশ আধিকারিককে একটি স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, মামলার এফআইআর ও আইনি প্রক্রিয়ায় যাতে তফশিলি জাতি ও উপজাতি আইনের কঠোরতম ধারাগুলি যুক্ত করা হয়। দ্রুত তদন্ত শেষ করে আইন অনুযায়ী যাতে অপরাধীর কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয়, সেই দাবিও জানিয়েছেন তারা। এর পাশাপাশি নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহযোগিতা দেওয়া এবং সরকারি নিয়ম অনুযায়ী উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই পদক্ষেপগুলি না নেওয়া হলে আগামীদিনে তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।এই প্রসঙ্গে ভীম আর্মির রাজ্য নেতৃত্ব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পুলিশ ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে, যা ইতিবাচক পদক্ষেপ। তবে অপরাধী যাতে কোনোভাবেই আইনি ফাঁকফোকর দিয়ে ছাড় না পায় এবং পরিবারটি যাতে দ্রুত সরকারি সাহায্য পায়, তা নিশ্চিত করতে হবে। নারী নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে, প্রশাসন তা দ্রুত তদন্ত শেষ করে পূরণ করবে বলেই আশাপ্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে এবং আইনগত দিকগুলি বিবেচনা করেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্তক রয়েছে।

রানীগঞ্জে নাবালিকা নির্যাতন কাণ্ডে উত্তাল এলাকা, কঠোর শাস্তির দাবিতে সরব ভীম রানীগঞ্জে নাবালিকা নির্যাতন কাণ্ডে উত্তাল এলাকা, কঠোর শাস্তির দাবিতে সরব ভীম Reviewed by Social Tribal News Journalist on August 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.