জামুড়িয়ায় পড়ুয়াদের প্রযুক্তিশিক্ষায় নতুন দিগন্ত, সাউথ এন্ড মডেল স্কুলে চালু এআই ও রোবোটিক্স ল্যাব
জামুড়িয়া -: সময়ের সঙ্গে বদলাচ্ছে শিক্ষার পরিসর। প্রচলিত পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্বও ক্রমশ বাড়ছে। সেই ভাবনাকেই সামনে রেখে জামুড়িয়ার চাঁদা এলাকার সাউথ এন্ড মডেল স্কুলে চালু হল অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও রোবোটিক্স ল্যাব। এই নতুন উদ্যোগকে ঘিরে বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ।
শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখোপাধ্যায়। ফিতে কাটা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনের পর তিনি ল্যাবটি ঘুরে দেখেন। পাশাপাশি পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে কথা বলে আধুনিক প্রযুক্তি শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডা. বিজন মুখোপাধ্যায় বলেন, বর্তমান সময় প্রযুক্তিনির্ভর। আগামী দিনে শিক্ষা, গবেষণা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এআই ও রোবোটিক্সের গুরুত্ব আরও বাড়বে। তাই পড়ুয়াদের শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো জরুরি।
বিদ্যালয়ে এই ল্যাব চালু হওয়ায় পড়ুয়ারা হাতে-কলমে এআই ও রোবোটিক্সের মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে শেখার সুযোগ পাবে। এর মাধ্যমে তাদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় এই উদ্যোগ পড়ুয়াদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলেও মত প্রকাশ করেন বিধায়ক।
বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বলেন, গ্রামীণ ও আধা-শহর এলাকার পড়ুয়াদের কাছেও আধুনিক প্রযুক্তির সুযোগ পৌঁছে দেওয়া প্রয়োজন। এই ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার ছাত্রছাত্রীরা উন্নত প্রযুক্তিগত শিক্ষার সুযোগ পাবে এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে এআই ও রোবোটিক্স ল্যাব চালু হওয়াকে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Reviewed by Social Tribal News Journalist
on
August 07, 2026
Rating:

No comments: