জামতোড়া -: ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহার মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। রবিবার গভীর রাতে সাহেবগঞ্জ মডেল জেল থেকে ধানবাদ মণ্ডল জেলে স্থানান্তরের পথে জামতাড়া জেলার সুপয়াডিহ গ্রামের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয় বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশে সুজিত সিনহাকে কড়া নিরাপত্তায় ধানবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে পুলিশ কনভয়ের একটি গাড়ির টায়ার পাংচার হয়ে গেলে তাকে অন্য গাড়িতে তোলার প্রস্তুতি চলছিল। সেই সময়ই এক পুলিশকর্মীর রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে সে বলে অভিযোগ। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জামতাড়ার পুলিশ সুপার শম্ভু কুমার সিং-সহ ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সুপারের দাবি, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ি পরিবর্তনের সময়ই অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তবে ঠিক কত রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তার শরীরে কতগুলি গুলি লেগেছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না।
ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সুজিত সিনহার বিরুদ্ধে ঝাড়খণ্ডের একাধিক জেলায় খুন, তোলাবাজি, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন গুরুতর অপরাধের মামলা রয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
August 03, 2026
Rating:

No comments: