আসানসোল -: মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে বড় উদ্যোগ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। কমিশনারেট এলাকায় চালু হল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। সোমবার এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সবুজ পতাকা দেখিয়ে এই বিশেষ স্কোয়াডের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনার, জেলাশাসক-সহ পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
নতুন এই স্কোয়াডের সদস্যরা ভিড়ভাট্টা এলাকা, স্কুল-কলেজ, বাজার এবং নির্জন রাস্তায় নিয়মিত টহল দেবেন। পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়ানো হবে নজরদারি। কোনও মহিলা সমস্যায় পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সাহায্য করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ করবে স্কোয়াড। পুলিশের দাবি, এর ফলে মহিলাদের মধ্যে নিরাপত্তার অনুভূতি আরও বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে পুলিশের দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত হবে।
এদিনের অনুষ্ঠানেই কমিশনারেটের ১৭টি থানার মধ্যে আয়োজিত ‘স্বচ্ছ থানা প্রতিযোগিতা’র ফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে অণ্ডাল ও জামুড়িয়া থানা। সৌন্দর্যায়ন ও সবুজায়নের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে পাণ্ডবেশ্বর থানা। বিজয়ী থানার আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী ও পুলিশ কমিশনার। প্রশাসনের বক্তব্য, পরিচ্ছন্ন ও সুন্দর থানা শুধু পরিবেশের উন্নতিই করে না, তা উন্নত পুলিশি পরিষেবারও পরিচায়ক।
Reviewed by Social Tribal News Journalist
on
August 24, 2026
Rating:


No comments: