কুলটি -: দিনের আলোয় ৭২ বছরের বৃদ্ধার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য পেল কুলটি থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি তাঁদের একজনের বাড়ি থেকে ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম দয়াময় সিনহা ও বাবলু দাস। দু’জনেই হিরাপুর থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকাল প্রায় ১০টা নাগাদ কুলটি থানা এলাকার বিরাজপল্লিতে ঘটনাটি ঘটে। ওই এলাকার বাসিন্দা ৭২ বছরের মঞ্জু মিত্র তাঁর নাতনিকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা এক ব্যক্তি তাঁর সামনে এসে মুহূর্তের মধ্যে গলা থেকে প্রায় ১০ গ্রাম ওজনের সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় অভিযুক্তের পরনে নীল রঙের জামা ছিল বলে জানা যায়।
ঘটনার পরই কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঞ্জু মিত্র। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ শুরু হয়। তদন্তের সূত্র ধরেই হিরাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দয়াময় সিনহা ও বাবলু দাসকে গ্রেফতার করা হয়।
গত ২০ আগস্ট গ্রেফতারের পর দু’জনকে আদালতে পেশ করা হলে পুলিশ চার দিনের হেফাজত পায়। পুলিশি জিজ্ঞাসাবাদে ছিনতাই হওয়া গয়না সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে বলে জানা গিয়েছে। এরপর দয়াময় সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সোনার হারটি।
পুলিশের প্রাথমিক তদন্তে দয়াময় সিনহাকে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে দেখা হলেও ছিনতাইয়ের ঘটনায় বাবলু দাসের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কি না, অথবা অভিযুক্তদের সঙ্গে অন্য কোনও চুরি বা ছিনতাইয়ের ঘটনার যোগ রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।
বৃদ্ধাকে নিশানা করে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় যে আতঙ্ক তৈরি হয়েছিল, দুই অভিযুক্তের গ্রেফতার এবং গয়না উদ্ধারের ঘটনায় তা অনেকটাই কমেছে। তবে ঘটনার নেপথ্যে পুরো চক্র ও পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য জানতে তদন্ত জারি রেখেছে কুলটি থানার পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
August 25, 2026
Rating:

No comments: