Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ত্রিপল ছাড়া ছাইবোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে অতিষ্ঠ নিয়ামতপুর, পথ অবরোধে ফেটে পড়লেন বাসিন্দারা


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল/কুলটি -: ছাইবোঝাই অতিরিক্ত বোঝাই ডাম্পার ও লরির বেপরোয়া চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন নিয়ামতপুর এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বাতাসে উড়তে থাকা ছাই ও ধুলোর দূষণে অতিষ্ঠ মানুষ মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন। শতাধিক স্থানীয় বাসিন্দা নিয়ামতপুর নিউ রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে।

বিক্ষোভকারীদের অভিযোগ, অধিকাংশ ডাম্পার ও লরিতে কোনও ত্রিপল ব্যবহার না করেই ছাই পরিবহণ করা হচ্ছে। ফলে চলন্ত গাড়ি থেকে ছাই রাস্তায় ছড়িয়ে পড়ছে এবং বাতাসে উড়ে পথচারী, বাইক আরোহী ও স্থানীয় বাসিন্দাদের চোখ-মুখে ঢুকে নানা শারীরিক সমস্যার সৃষ্টি করছে। ডিসেরগড় থেকে নিয়ামতপুর নিউ রোড হয়ে চিত্তরঞ্জন রোড পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে ধুলো ও ছাইয়ের আস্তরণ জমে থাকায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, ক্রমবর্ধমান দূষণের কারণে এলাকায় শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যার প্রকোপ বেড়েছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন।

পথ অবরোধের খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা হয়। তাঁদের অভিযোগ ও দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র আশ্বাসে তাঁরা আর সন্তুষ্ট নন। তাঁদের দাবি, ভবিষ্যতে সব ছাইবোঝাই গাড়ি বাধ্যতামূলকভাবে ত্রিপল দিয়ে ঢেকে পরিবহণ করতে হবে, ধুলো নিয়ন্ত্রণে নিয়মিত রাস্তায় জল ছিটানোর ব্যবস্থা করতে হবে এবং পরিবেশ দূষণের জন্য দায়ী গাড়ির মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

বাসিন্দাদের হুঁশিয়ারি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

ত্রিপল ছাড়া ছাইবোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে অতিষ্ঠ নিয়ামতপুর, পথ অবরোধে ফেটে পড়লেন বাসিন্দারা ত্রিপল ছাড়া ছাইবোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে অতিষ্ঠ নিয়ামতপুর, পথ অবরোধে ফেটে পড়লেন বাসিন্দারা Reviewed by Social Tribal News Journalist on August 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.