Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পতাকা বদলেছে, খনি ঘিরে বিক্ষোভের ছবি বদলায়নি! তারাকোলিয়ারিতে ফের উত্তেজনা, বন্ধ কয়লা উত্তোলন


জামুড়িয়া, পশ্চিম বর্ধমান -: রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু খনি ঘিরে বিক্ষোভের চেনা ছবিটা যেন বদলায়নি। কর্মসংস্থানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল জামুড়িয়ার চুরুলিয়া এলাকার তারাকোলিয়ারি ওপেনকাস্ট খনি। শুক্রবার সকালে বিজেপির পতাকা হাতে খনির গেটের সামনে জড়ো হন স্থানীয় নেতা-কর্মীরা। তাঁদের বিক্ষোভের জেরে কয়েক ঘণ্টার জন্য থমকে যায় খনি থেকে কয়লা উত্তোলন ও পরিবহণের কাজ। বিক্ষোভকারীদের অভিযোগ, খনিতে কাজ দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। তাঁদের দাবি, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নির্দিষ্ট একটি দলের কর্মী-সমর্থকদের কাজের সুযোগ দেওয়া হলেও বিজেপি-সমর্থকদের বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখেই খনির গেটের সামনে শুরু হয় স্লোগান ও বিক্ষোভ। বিক্ষোভকারীদের বক্তব্যে উঠে আসে স্থানীয় বিধায়কের বিরুদ্ধেও একাধিক অভিযোগ। ঘটনার জেরে খনির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খনি কর্তৃপক্ষের প্রতিনিধিরাও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। আলোচনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং পরবর্তীতে ফের শুরু হয় কয়লা উত্তোলন ও পরিবহণের কাজ। তবে এদিনের ঘটনাকে ঘিরে শুধু রাজনৈতিক চাপানউতোর নয়, সামনে এসেছে আরও বড় একটি প্রশ্ন। কারণ, তারাকোলিয়ারি এলাকার এই খনি থেকে উৎপাদিত কয়লা রাজ্যের একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা যায়। ফলে কয়লা উত্তোলন ও পরিবহণ দীর্ঘ সময় বন্ধ থাকলে তার প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাতেও। স্থানীয়দের একাংশের বক্তব্য, কর্মসংস্থান নিয়ে ক্ষোভ ও দাবি দীর্ঘদিনের। কিন্তু সেই দাবির জেরে যদি খনির উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে তার প্রভাব পড়বে শ্রমিক থেকে শুরু করে শিল্প ও বিদ্যুৎ পরিষেবার উপরও। তাঁদের প্রশ্ন, কাজের দাবি নিয়ে আন্দোলন হতেই পারে, কিন্তু সেই আন্দোলনের পথ কি এমন হতে পারে না যাতে খনির উৎপাদনও সচল থাকে? আর এখানেই উঠে আসছে রাজনৈতিক বিক্ষোভের ভূমিকা নিয়ে প্রশ্ন। স্থানীয়দের একাংশের দাবি, সময়ের সঙ্গে রাজনৈতিক দলের পতাকা বদলেছে, কিন্তু খনির গেট ঘিরে বিক্ষোভের সংস্কৃতি পুরোপুরি বদলায়নি। তাঁদের কথায়, ক্ষমতায় যে দলই থাকুক, কর্মসংস্থান ও শ্রমিকস্বার্থের প্রশ্নে আন্দোলন হয়েছে, আর তার প্রভাব পড়েছে খনির কাজকর্মে। তারাকোলিয়ারির এদিনের ঘটনাও সেই পুরনো বিতর্ককেই নতুন করে সামনে এনে দিল। কর্মসংস্থানে স্বচ্ছতা, স্থানীয়দের কাজের সুযোগ এবং রাজনৈতিক হস্তক্ষেপ—এই তিনটি বিষয়ের স্থায়ী সমাধান না হলে আগামী দিনেও কি একই ছবি ফিরে
আসবে।

পতাকা বদলেছে, খনি ঘিরে বিক্ষোভের ছবি বদলায়নি! তারাকোলিয়ারিতে ফের উত্তেজনা, বন্ধ কয়লা উত্তোলন পতাকা বদলেছে, খনি ঘিরে বিক্ষোভের ছবি বদলায়নি! তারাকোলিয়ারিতে ফের উত্তেজনা, বন্ধ কয়লা উত্তোলন Reviewed by Social Tribal News Journalist on August 08, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.