Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বকেয়া টাকার দাবিতে তপসি সাইডিংয়ে পরিবহণ বন্ধ, ডাম্পার মালিক-চালকদের বিক্ষোভে শিল্পে কাঁচামাল সরবরাহে অনিশ্চয়তা


 নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: বকেয়া অর্থপ্রদানের দাবিতে রবিবার সকাল থেকে জামুড়িয়ার তপসি সাইডিংয়ে সম্পূর্ণ বন্ধ হয়ে গেল ডাম্পার পরিবহণ পরিষেবা। ডাম্পার মালিক ও চালকেরা পরিবহণের কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট সংস্থা গত প্রায় দু'মাস ধরে ডাম্পার চালানের বকেয়া অর্থ পরিশোধ করেনি। ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন তাঁরা।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে পাওনা না মেলায় গাড়ির ব্যাংক ঋণের কিস্তি, চালকদের বেতন, ডিজেল, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য দৈনন্দিন পরিচালন ব্যয় বহন করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। একাধিক ডাম্পার মালিক জানান, বারবার দাবি জানিয়েও কোনও ইতিবাচক সাড়া না পাওয়ায় বাধ্য হয়েই তাঁরা পরিবহণ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ডাম্পার মালিক ও চালকদের স্পষ্ট বক্তব্য, সমস্ত বকেয়া অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত তপসি সাইডিং থেকে কোনও ধরনের পরিবহণ পরিষেবা চালু করা হবে না। তাঁদের দাবি, ট্রান্সপোর্ট সংস্থা দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে এসে পাওনা মিটিয়ে দিক।

এদিকে পরিবহণ বন্ধ হয়ে যাওয়ায় শিল্প মহলেও উদ্বেগ বাড়তে শুরু করেছে। তপসি সাইডিংয়ে আসা কাঁচামাল নির্ধারিত সময়ে বিভিন্ন শিল্প কারখানায় পৌঁছাতে না পারায় উৎপাদন ব্যবস্থার উপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে শিল্পাঞ্চলের একাধিক কারখানায় কাঁচামালের ঘাটতি দেখা দিতে পারে, যার জেরে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।

ডাম্পার মালিকেরা প্রশাসনের কাছেও হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, প্রশাসন দ্রুত ট্রান্সপোর্ট সংস্থার সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধানের উদ্যোগ নিক, যাতে পরিবহণ পরিষেবা স্বাভাবিক হয় এবং শিল্পাঞ্চলের কাজকর্মে দীর্ঘমেয়াদি প্রভাব না পড়ে।

বকেয়া টাকার দাবিতে তপসি সাইডিংয়ে পরিবহণ বন্ধ, ডাম্পার মালিক-চালকদের বিক্ষোভে শিল্পে কাঁচামাল সরবরাহে অনিশ্চয়তা বকেয়া টাকার দাবিতে তপসি সাইডিংয়ে পরিবহণ বন্ধ, ডাম্পার মালিক-চালকদের বিক্ষোভে শিল্পে কাঁচামাল সরবরাহে অনিশ্চয়তা Reviewed by Social Tribal News Journalist on August 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.