Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রূপনারায়ণপুরে টোটো সার্ভিস দোকানে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ দোকান মালিক



সালানপুর -: বৃহস্পতিবার আচমকা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়াল রূপনারায়ণপুরের আমডাঙা মোড় সংলগ্ন সামডি রোড এলাকায়। রাস্তার ধারে ‘মা অটোমোবাইল’ নামে একটি টোটো সার্ভিস দোকানে বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় দোকানের মালিক সুভাষ পাল গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দোকানে টোটো সার্ভিসিংয়ের কাজ চলছিল। এক টোটো চালকের দাবি, তিনি কাজ শেষ করে দোকান থেকে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে আচমকা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের অভিঘাতে দোকান মালিক সুভাষ পাল ছিটকে বাইরে এসে পড়েন। তাঁর শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

এর পরেই দোকানের ভিতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে মজুত থাকা একাধিক টোটোর ব্যাটারি পরপর ফাটতে শুরু করায় আতঙ্ক আরও বেড়ে যায়। বিস্ফোরণ ও আগুনের জেরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আতঙ্কে বহু মানুষ নিরাপদ দূরত্বে সরে যান।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত সুভাষ পালকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

খবর পেয়ে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। চিত্তরঞ্জন ও আসানসোল থেকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণের প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। ব্যাটারি থেকে বিস্ফোরণ নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট দফতর।
 

রূপনারায়ণপুরে টোটো সার্ভিস দোকানে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ দোকান মালিক রূপনারায়ণপুরে টোটো সার্ভিস দোকানে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ দোকান মালিক Reviewed by Social Tribal News Journalist on August 27, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.