Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

তদন্তে গতি আনতে বড় পদক্ষেপ, আসানসোল-দুর্গাপুর পুলিশের হাতে অত্যাধুনিক মোবাইল ফরেনসিক ভ্যান

 



আসানসোল -: অপরাধ দমনে এবার আরও একধাপ এগোল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। অপরাধের তদন্তকে দ্রুত, নির্ভুল এবং আরও বিজ্ঞানভিত্তিক করে তুলতে পুলিশের হাতে এল অত্যাধুনিক মোবাইল ফরেনসিক ভ্যান। পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার সবুজ পতাকা দেখিয়ে এই বিশেষ ভ্যানটির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবার থেকে কোনও অপরাধের ঘটনা ঘটলে তদন্তকারী আধিকারিকদের অপেক্ষা করে প্রমাণ পরীক্ষার জন্য দূরের পরীক্ষাগারে পাঠাতে হবে না। বিশেষ এই ভ্যান সরাসরি ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা ও প্রমাণ সংগ্রহের পাশাপাশি সেগুলির প্রাথমিক পরীক্ষা এবং সংরক্ষণের কাজেও সহায়তা করবে। ফলে তদন্তের ক্ষেত্রে সময় যেমন বাঁচবে, তেমনই গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট বা পরিবর্তিত হওয়ার আশঙ্কাও কমবে।

এই বিশেষ উদ্যোগের সূচনাকে ঘিরে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একাধিক পদস্থ আধিকারিক এবং বিভিন্ন থানার আইসি ও ওসিরা। তাঁদের মোবাইল ফরেনসিক ভ্যানটির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। অপরাধস্থল থেকে কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ সংগ্রহ করতে হবে, কীভাবে তা সুরক্ষিত রাখতে হবে এবং ঘটনাস্থলেই কী ধরনের প্রাথমিক পরীক্ষা করা সম্ভব—সেই বিষয়েও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

জানা গিয়েছে, এই মোবাইল ফরেনসিক ভ্যানটি মোট ১৪ ধরনের বিশেষ ফরেনসিক সরঞ্জাম ও পরীক্ষার কিটে সজ্জিত। এর মধ্যে রয়েছে সাধারণ প্রমাণ সংগ্রহের কিট, ডিএনএ নমুনা সংগ্রহের কিট, রক্ত পরীক্ষার কিট-সহ একাধিক অত্যাধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম। অপরাধের ধরন অনুযায়ী ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহে এই সরঞ্জামগুলি ব্যবহার করা হবে।

পুলিশের আধিকারিকদের মতে, অপরাধের তদন্তে বৈজ্ঞানিক প্রমাণের গুরুত্ব দিন দিন বাড়ছে। ঘটনাস্থল থেকেই প্রমাণ সংগ্রহ ও প্রাথমিক পরীক্ষা করা গেলে তদন্ত অনেক বেশি নির্ভুল ও কার্যকর হবে। একই সঙ্গে মামলার তদন্তে প্রমাণ-নির্ভর পদ্ধতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

মোবাইল ফরেনসিক ভ্যান চালুর ফলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অপরাধ তদন্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ল বলেই মনে করছেন পুলিশকর্তারা। তাঁদের আশা, এই পরিষেবার মাধ্যমে অপরাধের দ্রুত কিনারা করার পাশাপাশি আদালতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে মামলাগুলিকেও আরও শক্তিশালী করে তোলা সম্ভব হবে।

তদন্তে গতি আনতে বড় পদক্ষেপ, আসানসোল-দুর্গাপুর পুলিশের হাতে অত্যাধুনিক মোবাইল ফরেনসিক ভ্যান তদন্তে গতি আনতে বড় পদক্ষেপ, আসানসোল-দুর্গাপুর পুলিশের হাতে অত্যাধুনিক মোবাইল ফরেনসিক ভ্যান Reviewed by Social Tribal News Journalist on August 27, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.