নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: দৃঢ় সংকল্প, আত্মসম্মান ও অটুট বিশ্বাসের এক বিরল উদাহরণ সৃষ্টি করেছেন রানীগঞ্জের হাটিয়া তালাব এলাকার বাসিন্দা তথা পেশায় সবজি বিক্রেতা ৫২ বছর বয়সি রঞ্জিত সাউ। দীর্ঘ ১৩ বছর খালি পায়ে জীবন কাটানোর পর এবার তিনি অযোধ্যা ধামের উদ্দেশ্যে প্রায় ৭৫০ কিলোমিটারের পদযাত্রা শুরু করেছেন। তাঁর এই যাত্রাকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আবেগ।
জানা যায়, ২০১৩ সালে রানীগঞ্জের সিয়াড়শোল মাঠে একটি রাজনৈতিক সভায় হিন্দিভাষীদের নিয়ে করা এক মন্তব্যে গভীরভাবে আঘাত পান রঞ্জিত সাউ। সেই সময়ই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি জুতো-চপ্পল পরবেন না এবং দাড়িও কাটবেন না।
সম্প্রতি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার গঠনের পর নিজের বহু বছরের সংকল্প পূরণ হয়েছে বলে মনে করছেন তিনি। এরপরই অযোধ্যায় গিয়ে রামললার দর্শনের সিদ্ধান্ত নেন রঞ্জিত। তাঁর কথায়, “এটা শুধু রাজনৈতিক বিষয় নয়, এটা আমার বিশ্বাস, আত্মসম্মান ও আস্থার প্রতীক। রামললার দর্শনের পরই আমার এই সংকল্প সম্পূর্ণ হবে।”
রানীগঞ্জ থেকে অযোধ্যার দূরত্ব প্রায় ৭৫০ কিলোমিটার। প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার পথ হাঁটার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছেন তিনি। যাত্রার আগে রানীগঞ্জের বজরংবলী মন্দিরে বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী রবি কেশরী, মনু ভার্মা, শংকর কুমার, মন্দিরের পুরোহিত বিদ্যা ভূষণ পাঠক-সহ বহু স্থানীয় বাসিন্দা। তাঁরা রঞ্জিত সাউকে মালা পরিয়ে ও তিলক এঁকে শুভেচ্ছা জানান।
স্থানীয়দের একাংশের মতে, রঞ্জিত সাউয়ের এই পদযাত্রা শুধুমাত্র ধর্মীয় আস্থার বহিঃপ্রকাশ নয়, বরং ধৈর্য, প্রতিজ্ঞা ও নিষ্ঠার এক অনন্য উদাহরণ। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ এখন রানীগঞ্জের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 12, 2026
Rating:

No comments: